ফুকুশিমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার!

জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশ থেকে অবিস্ফোরিত একটি বোমা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার উদ্ধার করা ওই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে। দেশটির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন। বোমার বিষয়ে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) একজন মুখপাত্র জানিয়েছেন, ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কাছে একটি পার্কিং এলাকায় নির্মাণকাজ করতে গিয়ে শ্রমিকেরা বোমাটি দেখতে পান। এ ঘটনার সঙ্গে সঙ্গে তাঁরা কাজ বন্ধ করে দেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার এলাকা রশি টাঙিয়ে ঘিরে দেওয়া হয়। তবে এ ঘটনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর কোনো প্রভাব পড়েনি।
৮৫ সেন্টিমিটার (২ দশমিক ৯ ফুট) দীর্ঘ ওই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা নিক্ষেপ করেছিল বলে মনে করছে পুলিশ। জাপানের জিজি প্রেস জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে সচরাচর পুলিশ জাপানের সামরিক বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের ডাকে।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও এখনো যুক্তরাষ্ট্রের ফেলা বোমা জাপানের বিভিন্ন এলাকায় পাওয়া যায়। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় বেশি পাওয়া যায়, যেখানে যুদ্ধের শেষ মাসে রক্তক্ষয়ী লড়াই হয়েছিল।