ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া গতকাল সোমবার দেশটির পূর্ব উপকূলবর্তী সমুদ্রে স্বল্পপাল্লার পাঁচটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র ও সংবাদ সংস্থা ইয়োনহাপ এ কথা বলেছে।
দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, গতকাল উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর হামহুং থেকে স্থানীয় সময় দুপুরে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। এগুলো ২০০ কিলোমিটার দূরে সমুদ্রে গিয়ে পড়ে।
ইয়োনহাপের খবরে আরও বলা হয়, এবার কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা বের করার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়া কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে বলে খবর প্রকাশিত হয়। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত শুক্রবারও দেশটি দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালায়। সেটি ছিল ২০১৪ সালের পর উত্তর কোরিয়ার প্রথমবারের মতো সমুদ্রে মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘটনা। যুক্তরাষ্ট্র বলছে, ওই ক্ষেপণাস্ত্রগুলো ৮০০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।