ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও চীনের অব্যাহত চাপের মধ্যেই উত্তর কোরিয়া গতকাল রোববার আবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। প্রতিবেশী জাপানের কর্মকর্তারা বলেছেন, দেশের উত্তর-পশ্চিমের কুসং এলাকা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার উঁচুতে ওঠার পর জাপান সাগরে পড়ে। এত ওপরে ওঠার বিষয়টি ইঙ্গিত দেয়, এটি একটি নতুন ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ংয়ের সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্সসহ কয়েকটি পরাশক্তি বিভিন্ন মাত্রায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে।
নিভৃতকামী কমিউনিস্ট দেশটির গতকালের ছোড়া ক্ষেপণাস্ত্রটি কী ধরনের ছিল, তা এখনো অজানা। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা এটির গতিপথ অনুসরণ করেছেন। এতে যেটুকু তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে বিশ্লেষকেরা মনে করছেন, এটির পাল্লা আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় একটু বেশি হতে পারে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ধারণা করা হয়।
প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জে-ইন দায়িত্ব নিয়েই পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এমন প্রেক্ষাপটে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় সিউল অসন্তুষ্ট। তারা গতকাল বলেছে, এটা ‘বেপরোয়া উসকানি’। উত্তর কোরিয়া যদি নিজেদের ‘আচরণ না পাল্টায়’, তাদের সঙ্গে সিউল কোনো আলোচনায় যাবে না।
উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর জানার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে ‘আরও শক্তিশালী নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানিয়েছেন। আর প্রভাবশালী দেশের মধ্যে পিয়ংইয়ংয়ের কার্যত একমাত্র মিত্র চীন তাদের আবারও সংযত হতে বলেছে। পাশাপাশি সব ধরনের পক্ষের সঙ্গে আলোচনার ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।
ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, খবর শুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চিন্তিত হয়ে পড়েন। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছিল, উত্তর কোরিয়ার হামলাটি মস্কোর জন্য কোনো হুমকি নয়। প্রসঙ্গত, হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, জাপান সাগরের যেখানে ক্ষেপণাস্ত্রটি পড়েছে তা জাপানের চেয়ে রাশিয়ার ভূখণ্ডের বেশি কাছে। বিবৃতিতে বলা হয়, এ কারণে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় রাশিয়া খুশি হয়েছে এমনটা যুক্তরাষ্ট্র মনে করে না।