ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার  ফাইল ছবি
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি আর মিত্র চীনের সংযমের আহ্বানের মধ্যেই আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। তবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, গতকাল শনিবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কিছুক্ষণ পরই বিস্ফোরিত হয়। উত্তর কোরিয়া নিজেরা তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কিছু বলেনি।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নতুন নিষেধাজ্ঞার হুমকি এবং পরমাণু পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে সরাসরি আলোচনার আহ্বান উপেক্ষা করেই ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে নিভৃতকামী কমিউনিস্ট দেশটির দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হলো।
খবরে বলা হয়, পিয়ংইয়ংয়ের উত্তরে দক্ষিণ পেয়ংগান প্রদেশের একটি উৎক্ষেপণ ক্ষেত্র থেকে গতকাল সকালে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বলেছে, ক্ষেপণাস্ত্রটি বেশি দূর যেতে পারেনি। আর মার্কিন সামরিক বাহিনীর প্রশান্ত মহাসাগর বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সীমারেখাই পেরোয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে টুইটার বার্তায় অভিযোগ করেছেন, উত্তর কোরিয়া এই পদক্ষেপের মাধ্যমে চীন এবং চীনের সম্মানিত প্রেসিডেন্টের প্রতি ‘অসম্মান’ দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আগের দিনই সতর্ক করে দিয়ে বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে একটি ‘বড় সংঘাতের’ আশঙ্কা করছেন তিনি।
ট্রাম্প সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে অস্ত্র পরীক্ষা বিষয়ে উত্তর কোরিয়ার প্রতি বেইজিংয়ের কঠোর নীতির প্রশংসা করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল লন্ডনে বলেছেন, পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করার কয়েক ঘণ্টা পরই পিয়ংইয়ং সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। এমন ‘বেপরোয়া’ পদক্ষেপের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে ‘বোঝাপড়ার’ প্রস্তুতি নিতে পারে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং চীন উত্তর কোরিয়াকে তাদের অস্ত্র কর্মসূচি বাতিল করাতে পর্যাপ্ত চাপ দিতে ব্যর্থ হলে ‘বিপর্যয়কর পরিণতি’ ঘটবে।
এমন পরিস্থিতিতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমছে না। উত্তর ও দক্ষিণ কোরিয়া—দুই দেশই সামরিক মহড়া দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান ওই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে। উত্তর কোরিয়ার ওপর চাপ দিতে বিমানবাহী রণতরির নেতৃত্বে কয়েকটি যুদ্ধজাহাজ, একটি ক্ষেপণাস্ত্র সজ্জিত ডুবোজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’।
কিন্তু কিছুই দৃশ্যত উত্তর কোরিয়াকে অস্ত্র পরীক্ষা থেকে নিরস্ত করছে না।