ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
স্বল্প দূরত্বের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার সকালে আধঘণ্টার ব্যবধানে উত্তর কোরিয়ার গ্যাংওন প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দেশটির এই পদক্ষেপে কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা বাড়ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, পিয়ংইয়ং ‘শ্রদ্ধা’ প্রদর্শন শুরু করেছে। এই মন্তব্যের মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো।
উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি মার্কিন সেনা সূত্রের। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় কর্মরত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর আড়াই শ কিলোমিটার পর্যন্ত গেছে। আরেক ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই বিস্ফোরিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সকাল ৬টা ৪৯ মিনিটে পিয়ংইয়ং প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। বাকিগুলো ছোড়া হয় আধঘণ্টার মধ্যে। দুটি ক্ষেপণাস্ত্র উত্তর-পূর্ব দিকে আড়াই শ কিলোমিটার যায়।
সোমবার কোরীয় উপদ্বীপে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এটিকে নিজেদের জন্য হুমকি হিসেবে মূল্যায়ন করছে পিয়ংইয়ং। ওই মহড়ার জবাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বলে মনে করেন কোরিয়া ডিফেন্স নেটওয়ার্কের বিশ্লেষক লি ইল-উ।
মার্কিন কর্মকর্তারা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম ঘাঁটিতে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি নিয়ে উত্তেজনা চলছে। কিন্তু এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গুয়ামের প্রতি কোনো হুমকি ছিল না।
গত মাস থেকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসছিল পিয়ংইয়ং। সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা গুয়ামের জন্য হুমকি নয় বলেছে মার্কিন সোনা সূত্র।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স বলেছেন, সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শক্তভাবে এর জবাব দেওয়া হবে।
চলমান উত্তেজনার মোকাবিলায় সেনাবাহিনী উত্তর কোরিয়ার ওপর কঠোর নজরদারি করছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
গুয়ামে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেওয়ার পর পরিকল্পনা পিছিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বুধবার ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়া সম্মান প্রদর্শন শুরু করেছে। তাঁর বক্তব্যের কয়েক দিনের মাথায় সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া পিয়ংইয়ংকে আরও ক্ষুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।