ফেরারি ধরতে যুক্তরাষ্ট্রে চীনের গোপন অভিযান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরারি আসামিদের দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রে ছদ্মবেশী গোয়েন্দাদের পাঠিয়ে গোপনে অভিযান চালাচ্ছে চীন। এ বিষয়ে বেইজিংকে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। খবর বিবিসির।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওয়ের শীর্ষ সহযোগী লিং জিহুয়াকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করার পর গত মাসে দলীয় পদ থেকে অপসারণ করা হয়। এরপর তাঁর ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী লিং ওয়ানচেংকে অনুসরণ করতে শুরু করে চীনা কর্তৃপক্ষ।
গণমাধ্যমের খবর মোতাবেক, জিহুয়ার ভাই ওয়ানচেং ২০১৩ বা ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে দুর্নীতির অভিযোগ থাকা যেসব কর্মকর্তা বিদেশে পাড়ি দিয়েছেন, তাঁদের বিচারের মুখোমুখি করতে গত এপ্রিল মাসে বেইজিংয়ের নেওয়া ‘স্কাই নেট’ পদক্ষেপের আওতায় তাঁকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে।
নিউইয়র্ক টাইমস-এর খবরে বলা হয়, পদস্থ চীনা নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বেইজিং ‘ফক্স হান্ট’ নামের কর্মসূচি চালাচ্ছে। এর আওতায় তারা যেমন চীনে থাকা স্বজনদের হুমকি দিচ্ছে, তেমনি বিদেশে গোপনে একের পর এক অভিযান চালিয়ে ওই নাগরিকদের চাপে ফেলার চেষ্টা করছে। এ অভিযানের তদারক করছে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়।