ফেরিতে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় লমবক এলাকায় গত শুক্রবার বিকেলে একটি ফেরিতে বিস্ফোরণে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন। সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। জনপ্রিয় পর্যটন দ্বীপ বালি ও লমবকের মধ্যে ওই ফেরি চলাচল করে। দুর্ঘটনাকবলিত নৌযানটিতে ১২৯ জন যাত্রী ছিলেন। সম্ভবত জ্বালানির ট্যাংক থেকে ওই বিস্ফোরণ ঘটে। ফেরিটি লমবকের সেংগিগি থেকে যাত্রা শুরু করে প্রায় এক-তৃতীয়াংশ পথ অতিক্রম করার পর বিস্ফোরণটি হয়। আহত ব্যক্তিদের মধ্যে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের পর্যটক রয়েছেন। তবে কারও অবস্থাই গুরুতর নয় বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এএফপি