ভিয়েতনাম যুদ্ধের নৃশংসতার প্রতীকে পরিণত হওয়া একটি ছবি সরিয়ে সমালোচনার মুখে পিছু হটল ফেসবুক। ঐতিহাসিক ‘নাপাম গার্ল’-এর ছবি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ভিয়েতনাম যুদ্ধের সময় নাপাম বোমা হামলা থেকে পালাচ্ছিল একটি মেয়েশিশু। ওই চরম বিপদের মুহূর্তে তাঁর শরীরে কোনো কাপড় ছিল না। ঐতিহাসিক সেই ছবি কেউ একজন ফেসবুকে প্রকাশ করেছিলেন। তবে নগ্নতার অভিযোগে তা সরিয়ে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এর কড়া সমালোচনা করা হয় বিভিন্ন মহল থেকে। নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গও এ বিষয়ে নিজের অসন্তোষ জানিয়েছেন। যুদ্ধ-বাস্তবতার অনন্য উদাহরণ ওই ছবিটি ফেসবুক তো মুছে দিয়েছেই, নরওয়ের সংশ্লিষ্ট সাংবাদিকের অ্যাকাউন্টটিও স্থগিত করে দিয়েছে। সমালোচনার মুখে ছবিটি ফিরিয়ে আনার পর বার্তায় ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, ঐতিহাসিক মূল্যের কারণে ছবিটি আবার প্রকাশ করা হচ্ছে।
এএফপি