বংশের নামে যে দেশের নাম

আল-সউদ রাজবংশের নামেই সৌদি আরবের নামকরণ হয়। সৌদি আরবই একমাত্র দেশ, যার নাম কোনো পরিবার থেকে এসেছে। সদ্য প্রয়াত বাদশাহ আবদুল্লাহ এ বংশেরই উত্তরাধিকারী। আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সউদের ছেলেরাই পর্যায়ক্রমে দেশটির সিংহাসনে অধিষ্ঠিত হয়ে আসছেন।
১৭০০-এর দশকে যখন স্থানীয় শেখ হিসেবে সউদ বিন মোহাম্মদ মধ্য আরব উপদ্বীপ শাসন করা শুরু করেন, তখন থেকেই এ রাজবংশের উৎপত্তি। এর দুই শতাব্দী পর ওই রাজবংশের নামেই সৌদি আরবের নামকরণ করা হয়। সউদ বিন মোহাম্মদের ছেলে ছিলেন মোহাম্মদ। ১৮১৮ সালে মোহাম্মদের বংশধরেরা তুরস্কের অটোমান বাহিনীর কাছে পরাজিত হন। তবে ছয় বছর পর সউদের বংশধরেরা ক্ষমতায় ফিরে আসেন। ১৯০২ সালে আবদুল আজিজ বিন সউদ আরব উপদ্বীপের কেন্দ্রস্থল রিয়াদ থেকে তাঁর প্রতিদ্বন্দ্বী রশিদি পরিবারের উত্তরাধিকারীকে উচ্ছেদ করে ক্ষমতা সংহত করেন। দেশব্যাপী ছড়িয়ে থাকা গোত্রগুলোর সঙ্গে যুদ্ধ করে পুরো অঞ্চলকে তিনি একীভূত করেন। ১৯৩২ সালে নিজেকে সৌদি আরবের বাদশা ঘোষণা করেন আবদুল আজিজ বিন সউদ।