বক্তৃতার সময় ঘুমিয়ে পড়ায় মৃত্যুদণ্ড!
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের সভাপতিত্বে অধিবেশন চলাকালে ‘অসম্মান প্রদর্শন করায়’ দেশটির উপপ্রধানমন্ত্রী কিম ইয়ং জিনের প্রাণদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার এ খবর জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। বৈঠক চলাকালে ঘুমিয়ে পড়াই উপপ্রধানমন্ত্রীর প্রাণদণ্ডের কারণ বলে জানা যায়।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জেয়ং জুন-হি গতকাল নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘উত্তর কোরিয়ার শিক্ষাবিষয়ক উপপ্রধানমন্ত্রী কিম ইয়ং জিনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।’ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা বলেন, উপপ্রধানমন্ত্রী কিমকে ‘দলবিরোধী ও বিপ্লবের বিরোধী শক্তি’ হিসেবে চিহ্নিত করে ফায়ারিং স্কোয়াডে গত জুলাই মাসে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটি করা হয় উত্তর কোরীয় নেতা কিম জং-উনের নির্দেশেই। দক্ষিণ কোরিয়া বলেছে, উপপ্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকেও বরখাস্ত করেছেন কিম।
তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।