ইসলামপন্থী দল একেপি বড় ধাক্কা খেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে বড় ধাক্কা খেল ক্ষমতাসীন ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। নির্বাচনে জিতলেও এককভাবে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দলটি। এর ফলে দেশটি নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এএফপি ও রয়টার্সের।

গত রোববারের নির্বাচনে একেপি পেয়েছে ৪১ শতাংশ ভোট। রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ২৫ শতাংশ, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) ১৬ দশমিক ৫ শতাংশ এবং কুর্দিপন্থী এইচডিপি ১৩ শতাংশ ভোট পেয়েছে। আর আসনের দিক থেকে ৫৫০ আসনের পার্লামেন্টে একেপি ২৫৮টি, সিএইচপি ১৩২টি এবং এমএইচপি ও এইচডিপি ৮০টি করে আসন পেতে পারে। সরকার গঠনের জন্য অন্তত ২৭৬টি আসন দরকার।

২০০২ সালে তুরস্কে প্রথমবারের মতো ক্ষমতায় আসে একেপি। এরপর থেকে ১৩ বছর ধরে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে দলটি। সর্বশেষ ২০১১ সালের নির্বাচনেও তারা প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছিল।  তবে এবার কুর্দিপন্থী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) বিস্ময় জাগানো ফলের কারণেই মূলত বহু আসন হারিয়েছে একেপি।

২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন এরদোয়ান। বর্তমানে দেশের প্রেসিডেন্ট পদে থাকা এই ইসলামপন্থী নেতা দেশে পার্লামেন্টারি পদ্ধতি থেকে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার চালু করতে একেপিকে বিপুল ভোটে জেতানোর চেষ্টা করে আসছিলেন।

বিরোধী দল ও সরকারবিরোধী সংবাদপত্রগুলো মনে করছে, নির্বাচনে একেপির আসন কমে যাওয়ায় দেশ অন্তত কয়েক সপ্তাহের জন্য অনিশ্চয়তার মুখোমুখি হবে। সে ক্ষেত্রে আগাম নির্বাচনের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

নির্বাচনের ফলের প্রভাব তাৎক্ষণিকভাবে পড়তে শুরু করেছে তুরস্কের অর্থনীতির ওপরে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির বিনিয়োগকারীরা। গতকাল সোমবার স্থানীয় সময় সকালেই এর রেশ পড়ে শেয়ারবাজারে। দর পড়ে যেতে শুরু করে শেয়ারের। তুর্কি মুদ্রা লিরারও ডলারের বিপরীতে মূল্যমান কমে যেতে শুরু করে।  

তুরস্কে উচ্চ মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি ও বেসরকারি খাতে ঋণের পরিমাণের দ্রুত বৃদ্ধির উদাহরণ দিয়ে লন্ডনের ক্যাপিটাল ইকোনমিকস-এর বিশ্লেষক উইলিয়াম জ্যাকসন বলেন, ‘এই রাজনৈতিক অনিশ্চয়তা কেবলই দেশটির বর্তমান সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে।’

দেশটির অন্যতম প্রভাবশালী দৈনিক হুররিয়েত-এর গতকালের শিরোনাম ছিল: ‘তিন সম্ভাবনা’। সম্ভাবনাগুলো হচ্ছে, জোট সরকার, একেপির সংখ্যালঘু সরকার গঠন অথবা আগাম নির্বাচন।

মিল্লায়েত পত্রিকার শিরোনাম ছিল: ‘নতুন এক যুগ’। আর এরদোয়ানবিরোধী সোজকু পত্রিকার খবরে বলা হয়, ‘ভোটাররা তাইয়েপকে লাল কার্ড দেখিয়েছেন।’

বিশ্লেষকদের মতে, নতুন পার্লামেন্টে জোট গঠন প্রশ্নে একেপির সবচেয়ে বড় ভরসা এমএইচপি। অবশ্য দলটির নেতা দেভলেত বাচেলি এমন সম্ভাবনার দরজা একেবারে বন্ধ না করে দিলেও কথায় বুঝিয়ে দিয়েছেন, এত সহজে তাঁকে পাচ্ছে না একেপি। তিনি বলেছেন, নির্বাচনের ফলে প্রতীয়মান হয়েছে, এটা একেপির দিন শেষ হয়ে যাওয়ার শুরুর ইঙ্গিত।