বড় সংঘাতে মৃত্যুর হার ২৮ শতাংশ বেড়েছে
বিশ্বের চলমান বড় সংঘাতগুলোতে মৃত্যুর হার ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে ২৮ শতাংশ বেড়েছে। আর অন্য সব জায়গার সংঘাতগুলোর তুলনায় টানা দ্বিতীয় বছরের মতো সিরিয়ার অবস্থা সবচেয়ে খারাপ। গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্সের।
মার্কিন সেনাবাহিনী, জাতিসংঘ, মানবাধিকার সংগঠন সিরিয়া অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং ইরাকি বডি কাউন্টসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দ্য প্রজেক্ট ফর দ্য স্টাডি অব দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি (পিএস২১) ওই প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০১৩ সালে সিরিয়ায় সংঘাতে নিহত হয় ৭৩ হাজার ৪৪৭ জন। আর ২০১৪ সালে মারা যায় ৭৬ হাজার। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী এখনকার বেশির ভাগ সংঘাতেই উগ্রপন্থী ইসলামি সংগঠনগুলো জড়িত।
২০১৪ সালে ইরাকে মারা যায় ২১ হাজার লোক। ইরাকের সরকার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। গত বছর সংঘাতে আফগানিস্তানে মারা যায় ১৪ হাজার ৬৩৮ জন। নাইজেরিয়ায় নিহতের সংখ্যা ১১ হাজার ৫২৯ এ ছাড়া কমপক্ষে ১৪টি পৃথক সংঘাতে যেখানে ২০১৩ সালে নিহত হয় মাত্র ১০ জন, সেখানে ২০১৪ সালে মারা যায় সহস্রাধিক।
পিএস২১ বলছে, এসব সংখ্যা বাস্তবতাকে খুব সহজেই অবমূল্যায়িত করে। পিএস২১-এর নির্বাহী পরিচালক পিটার অ্যাপস বলেন, ‘সংঘাতে হতাহতের সংখ্যা নিরুপণ করা অত্যন্ত কঠিন। আমরা এখানে যে সংখ্যা দেখছি, তা সম্ভবত বাস্তবের চেয়ে কম।’ তিনি বলেন, ‘তার পরও যেটা গুরুত্বপূর্ণ তা হলো ২০১৪ সালের সঙ্গে ২০১৩ সালের তথ্যের তুলনা করলে দেখা যাবে, মৃত্যুর হার সুস্পষ্টভাবেই বেড়েছে।’
সংঘাতে মৃতের সংখ্যা বিবেচনা করে তৈরি করা পিএস২১-এর তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ইউক্রেন। পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংঘাত শুরু হওয়ার আগে ২০১৩ সালে মোটের ওপর সংঘাতহীন ছিল দেশটি।
গত বছর অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিসের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০০৭ সাল থেকে সংঘাত-সম্পর্কিত সহিংসতা প্রতিবছর বেড়েই চলছে।