বদরেদ্দিন নিহত হন 'জিহাদিদের' কামানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফা আমিনি
মুস্তাফা আমিনি

লেবাননের শিয়াপন্থী সামরিক রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ তাদের শীর্ষ সেনা কমান্ডার মুস্তাফা আমিনি বদরেদ্দিনের হত্যার দায় এবার চাপিয়েছে সিরিয়ায় সক্রিয় সুন্নি ‘জিহাদিদের’ ওপর। গতকাল শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এ অভিযোগ করে। এর আগে তারা ‘ইসরায়েলি হামলায়’ তাদের নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছিল।
সিরিয়ার রাজধানী দামেস্ক বিমানবন্দরের পাশে গত বৃহস্পতিবার রাতে বিস্ফোরণে নিহত হন বদরেদ্দিন। উল্লেখ্য, গৃহযুদ্ধ-কবলিত সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে ইরান-সমর্থিত হাজারো যোদ্ধা লড়াই করছে, বদরেদ্দিন তাদের নেতৃত্ব দিচ্ছিলেন। হিজবুল্লাহর এ লড়াই আইএস ও আল-কায়েদার সিরীয় শাখা আর নুসরা ফ্রন্টসহ সিরিয়ার সরকারবিরোধী সব দলের বিরুদ্ধেই।
গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তদন্ত করে তারা জেনেছে দামেস্কের বিমানবন্দরের কাছে তাদের অবস্থানগুলোর একটিতে লক্ষ্য করে ওই অঞ্চলের উগ্রপন্থী সুন্নি তাকফিরি গোষ্ঠী কামান থেকে গোলা বর্ষণ করে। এতেই বদরেদ্দিন নিহত হন। তবে বিবৃতিতে হামলাটির জন্য বিশেষ কোনো দলকে দায়ী করা হয়নি। গতকাল পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকারও করেনি।
লেবাননের রাজধানী বৈরুতে নিহত নেতা বদরেদ্দিনের অন্ত্যেষ্টিক্রিয়ার এক দিন পর গতকাল দেওয়া ওই বিবৃতিতে হিজবুল্লাহ এও প্রতিজ্ঞা করে যে সিরিয়ায় ‘অপরাধী চক্রের’ বিরুদ্ধে লড়াই থামাবে না তারা।