বন্দী অবস্থাতেই মারা গেলেন তারিক আজিজ

বন্দী অবস্থাতেই মারা গেলেন ইরাকের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজ। আজ শুক্রবার হার্ট অ্যাটাকে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বিবিসি ও এএফপির প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে।
ইরাকের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির সংবাদে বলা হয়, আজ দুপুরে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর তারিক আজিজকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে জানা গেছে তিনি হাসপাতালেই মারা গেছেন। ইরাকের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ ইত্যাদি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন তিনি।
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শাসনামলের সময় অন্যতম ক্ষমতাধর ব্যক্তিদের একজন ছিলেন তারিক আজিজ। পরবর্তীকালে তিনি গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ১৯৮০ সালে ইরাকে ধর্মীয় দলগুলোর ওপর ব্যাপক নিপীড়ন চালানোর অভিযোগ প্রমাণিত হয়। এসব অপরাধে ইরাকের একটি আদালত ২০১০ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেয়। এ ছাড়া আরও কিছু অপরাধের দায়ে তাঁকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
তবে তিনি সাদ্দামের শাসনামলে সাদ্দামের অনুগত এবং সাদ্দাম সরকারের ব্যাপক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছিলেন।