বন্দী মেয়র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে মাদকসংক্রান্ত অভিযোগে আটক একজন মেয়র ও তাঁর এক সহযোগী কারাগারে বন্দী অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলেছে, গতকাল শনিবার জেলের ভেতরে তাঁরা পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। ফিলিপাইনে মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী অভিযান চলার মধ্যে এ ঘটনা ঘটল। এ নিয়ে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কথিত মাদক ব্যবসায়ীর তালিকায় থাকা স্থানীয় সরকারের দুজন নির্বাহী পুলিশের গুলিতে প্রাণ হারালেন। নিহত রোলান্দো এসপিনোসা ছিলেন লেইত দ্বীপের আলবুয়েরা শহরের মেয়র। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ থাকায় প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এসপিনোসা ও তাঁর ছেলে কারউইনকে আত্মসমর্পণ করতে বললে গত আগস্টে পুলিশের কাছে তিনি আত্মসমর্পণ করেন। পরে তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়। তবে মাদক রাখার অভিযোগে গত ৫ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করে কারাগারে ঢোকানো হয়।