বন্ধ হয়ে যাওয়া অ্যাপল ডেইলির সাবেক প্রধান সম্পাদক গ্রেপ্তার
চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের বন্ধ হয়ে যাওয়া পত্রিকা অ্যাপল ডেইলির সাবেক প্রধান সম্পাদক লাম মান-চুংকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করে ন্যাশনাল সিকিউরিটি পুলিশ। হংকংয়ে কার্যকর করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর এএফপির।
মান-চুংকে গ্রেপ্তারের পর পুলিশ এক বিবৃতিতে বলেছে, তিনি ‘বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ’ করেছিলেন। এ নিয়ে অ্যাপল ডেইলির ৯ কর্মীকে গ্রেপ্তার করা হলো। প্রতিষ্ঠানটির মালিক মিডিয়া মোগল জিমি লাইও কারাগারে রয়েছেন।
হংকংয়ে গত বছর জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করা হয়। মূলত চীনের কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে এই আইন কার্যকর করে। যদিও এই আইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ হচ্ছিল হংকংয়ে। কিন্তু চীন সরকার এতে কর্ণপাত করেনি। বরং উল্টো দমন–পীড়ন চালিয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখেও পড়েছে। তবে চীনের দাবি, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনের আওতায় সরকারি দমন-পীড়নের মুখে হংকংয়ে বন্ধ হয়ে যায় পত্রিকাটি। আর মান-চুংয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলেছেন। স্থানীয় গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে।
মান-চুংয়ের বয়স ৫১ বছর। তাঁর গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান নেক্সট ডিজিটালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত ২৪ জুন অ্যাপল ডেইলির সর্বশেষ সংখ্যা প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে ২৬ বছরের পুরোনো পত্রিকাটি হংকংয়ে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয়। এর আগে ১৭ জুন শত শত পুলিশ সদস্য পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালান। ওই দিনই প্রতিষ্ঠানটির সব সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। এরপর অর্থসংকটের মুখে পড়ে অ্যাপল ডেইলি।
হংকংয়ে চীনা ভাষায় প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় ট্যাবলয়েড ছিল অ্যাপল ডেইলি। কারণ, বেইজিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে হংকংয়ের গণতন্ত্রপন্থীদের সমর্থন দিয়ে আসছিল পত্রিকাটি। চীন ও হংকং প্রশাসনের তীব্র সমালোচনার জন্য আলোচনায় ছিল অ্যাপল ডেইলি।
এদিকে হংকংয়ে অ্যাপল ডেইলি বন্ধ হলেও তাইওয়ানে চালু আছে নেক্সট ডিজিটালেরই মালিকানাধীন সংবাদমাধ্যম অ্যাপল ডেইলি অনলাইন। যদিও গত মে মাসে তাইওয়ানে অ্যাপল ডেইলির ছাপা সংখ্যার প্রকাশ বন্ধ হয়ে যায়। প্রথম প্রকাশের ১৮ বছর পর তাইওয়ানে এটির প্রকাশনা বন্ধ হয়েছে। তবে অনলাইন কার্যক্রম চালু আছে।