ইয়েমেনে গতকাল বুধবারও বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। চার সপ্তাহ ধরে চলা বিমান হামলা বন্ধ করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় নতুন করে হামলা চালানো হয়। খবর এএফপি ও রয়টার্সের।
ইয়েমেনের উত্তরাঞ্চলভিত্তিক শিয়া বিদ্রোহী হুতিদের উত্থানের মুখে প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি পালিয়ে গেলে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের ওই বিমান হামলা শুরু করেছিল সৌদি আরবের নেতৃত্বাধীন আঞ্চলিক বাহিনী। তবে গত মঙ্গলবার মধ্যরাতে অভিযানের সমাপ্তি ঘোষণা করে সৌদি আরব। তবে দেশটি এও বলে রেখেছিল যে ইয়েমেনের বিদ্রোহী ও তাদের সহযোগীরা নতুন করে কোনো এলাকার দিকে অগ্রসর হলে তা প্রতিহত করতে তারা প্রস্তুত থাকবে।
একজন সেনা কর্মকর্তা জানান, বিমান হামলা বন্ধের সুযোগ নিয়ে হুতি বিদ্রোহীরা গতকাল তায়েজ এলাকায় হাদির অনুগত ৩৫তম আর্মার্ড ব্রিগেডের সদর দপ্তর দখল করে নেয়। এরপর সৌদি নেতৃত্বাধীন বাহিনী আবার বিমান হামলা শুরু করে। দখল করে নেওয়া সদর দপ্তরের পাশাপাশি শহরের অন্যান্য কিছু এলাকাতেও বিদ্রোহীদের অবস্থানে বিমান থেকে বোমা ফেলা হয়। এতে বেশ কয়েকজন ব্যক্তি হতাহত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
‘লড়াই শেষ হয়নি’: যুক্তরাষ্ট্র গতকাল বলেছে, ইয়েমেন এখনো অস্থিতিশীল। এ অঞ্চলে এখনো অনেক কাজ বাকি রয়েছে, যা সম্পাদন করতে হবে। হোয়াইট হাউসের কর্মকর্তা জেন সাকি বলেন, ‘স্পষ্টতই কাজটা এখনো শেষ হয়নি।’
সৌদি নেতৃত্বাধীন বাহিনী বিমান হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর এ পদক্ষেপকে ইরানের পাশাপাশি হোয়াইট হাউসও স্বাগত জানিয়েছে। পাশাপাশি দেশটির চলমান রাজনৈতিক সংকট সমাধানে নতুন করে আলোচনা শুরু এবং সেখানে মানবিক সহায়তা পাঠানোরও আহ্বান জানিয়েছে তারা। তবে জেন সাকি বলেছেন, কূটনৈতিক সমাধানের জন্য সবাইকে চাপ দিতে হবে।
নওয়াজ শরিফ রিয়াদে: ইয়েমেন সংকট নিয়ে আলোচনা করতে রিয়াদে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর দপ্তর গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় অস্ত্র ও সেনাসদস্য দিয়ে সাহায্য করতে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছিল। তবে দেশটি এই সংকটে কোনো পক্ষ না নেওয়ার ঘোষণা দিলে মিশ্র প্রতিক্রিয়া হয়।