বন্যা-ভূমিধসে নেপাল ও ভারতে নিহত ১৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা ও ভূমিধসে নেপাল ও ভারতে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে আরও শতাধিক মানুষ। গতকাল সোমবার দুই দেশের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও এএফপির। নেপালের সরকারি মুখপাত্ররা জানিয়েছেন, কয়েক দিনের টানা বৃষ্টির পর দেশের বেশ কয়েকটি এলাকায় ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০১-এ দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অন্তত ১৩০ জন নিখোঁজ রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো সুরখেত, বরদিয়া ও দং। এসব এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে।এ ছাড়া যোগাযোগব্যবস্থা বিধ্বস্ত হয়েছে। সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ কারণে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
নেপালের জাতীয় জরুরি অপারেশনকেন্দ্রের প্রধান জনকানাথ ধকল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আজ সকালে আমরা আরও তিনটি লাশ উদ্ধার করেছি। এর আগে গত রাতে একটি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১।’
জনকানাথ ধকল জানান, উদ্ধার ও জরুরি ত্রাণকাজে তিন হাজার ৪০০ জন কর্মীকে মোতায়েন করেছে সরকার। এ ছাড়া উদ্ধারকাজে সহায়তা দিচ্ছে চারটি হেলিকপ্টার। সুরখেত জেলায় ভূমিধসে ১০৬ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে বন্যা ও ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুরখেত, বরদিয়া ও দং এলাকায় সুপেয় পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এতে করে ওই সব এলাকায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় পানি শোধনের উপকরণ পাঠানো হয়েছে।
কলেরার প্রাদুর্ভাব প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমের সমন্বয় করছেন কর্মকর্তা তুলসী প্রসাদ দাহাল। তিনি বলেন, কলেরায় আক্রান্ত কয়েকজন রোগীকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া অনেকে জ্বর, ডায়রিয়া ও আমাশয়ে ভুগছে। তাদের অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নেপালে অতিবৃষ্টির কারণে হিমলায় থেকে নেমে আসা ও ভারতের ওপর দিয়ে বয়ে চলা নদীগুলোর দুই কূল উপচে পড়ছে। উত্তর ভারতের কয়েক হাজার গ্রাম প্লাবিত হয়েছে। অনেক স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। এর মধ্যে উত্তর প্রদেশ রাজ্যে বন্যায় ২৮ জনের মৃত্যু হয়েছে। দেড় হাজারের বেশি গ্রাম প্লাবিত হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।
উত্তরা প্রদেশের মুখ্যসচিব অলোক রঞ্জন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নেপালে ভারী বর্ষণের কারণেই ভারতে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বন্যা ও ভূমিধসে উত্তরাখন্ড রাজ্যে অন্তত ৩২ জনের প্রাণহানি ঘটেছে। বিহারে মৃত্যু হয়েছে আরও দুজনের। উত্তরা-পূর্বাঞ্চলের আসাম রাজ্যেও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল। মারা গেছে একজন।