বন্যার ঝুঁকিতে ১৪ কোটি মানুষ
চীনের দক্ষিণাঞ্চলে হিমালয় পর্বতমালা এলাকার ১ কোটি ২০ লাখ মানুষ বন্যার কারণে সম্প্রতি বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কেবল দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশেই চলতি বছর বন্যায় ৪৩ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী হুনান প্রদেশে ৫৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমশ অধিকতর প্রতিকূল আবহাওয়ায় এশিয়ার দক্ষিণাঞ্চলীয় উন্নয়নশীল দেশগুলোর কোটি কোটি মানুষ ঝুঁকির মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের জলবায়ু বিশেষজ্ঞ ডেওয়ি কিরোনো বলেন, আগামী ৩০ বছরে ভারী বর্ষণের পরিমাণ আরও বাড়তে পারে...এশিয়ায় এটা অবধারিতভাবে প্রায় ২০ শতাংশ বাড়বে।
এশিয়ার দক্ষিণাঞ্চল এই মহাদেশের সবচেয়ে বেশি বর্ষণমুখর এলাকা হিসেবে পরিচিত। বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতও হয় এখানেই, যার পরিমাণ বছরে গড়ে অন্তত ১ হাজার মিলিমিটার। বৃষ্টিপাত বাড়লে ভারত, বাংলাদেশ ও চীনের কমপক্ষে ১৩ কোটি ৭০ লাখ মানুষ ঝুঁকির সম্মুখীন হয়। ২০১২ সালের এক গবেষণায় এ তথ্য মিলেছে। অপর্যাপ্ত নর্দমাব্যবস্থা, অদূরদর্শী পরিকল্পনা এবং নগরাঞ্চলের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়াজুড়ে এ সমস্যা প্রকট হয়েছে। গ্রামীণ আবাস ছেড়ে লোকজন দলে দলে শহরে বসতি গাড়লেও তাদের স্থানসংকুলানের পরিবেশবান্ধব ব্যবস্থা সেখানে গড়ে ওঠেনি।
১৯৫০ থেকে এ পর্যন্ত বন্যাজনিত কারণে মৃত্যু ও আহত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় তিনটি দেশে চীন, ভারত ও বাংলাদেশে। বেলজিয়ামের লুভাঁ ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের ইমার্জেন্সি ইভেন্টস ডেটাবেস অনুযায়ী এই তিন দেশে ১৯৫০ সাল থেকে এ পর্যন্ত বন্যায় ২২ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এশিয়া অঞ্চলে আবহাওয়া ও জলবায়ু বিপর্যয়ের ঘটনাগুলোয় বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
চীনের মধ্যাঞ্চলে চলতি মাসে যে বন্যা শুরু হয়েছে, তাতে এ পর্যন্ত প্রায় ৯০ জন প্রাণ হারিয়েছে অথবা নিখোঁজ হয়েছে। সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম ওয়েইবোতে জনসাধারণ এই বন্যার ভয়াবহতা তুলে ধরেছে। এ সমস্যার কেন্দ্রে রয়েছে দক্ষিণ ও পূর্ব এশিয়াজুড়ে বিস্তৃত হিমালয় থেকে সৃষ্ট তিনটি বড় নদী গঙ্গা, ব্রহ্মপুত্র ও ইংটজ। ভারত ও বাংলাদেশের প্রায় ৫০ কোটি মানুষ এবং চীনের ৩০ কোটি মানুষ এই তিন নদীর অববাহিকায় থাকে। সব মিলিয়ে এসব নদীর সঙ্গে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশের সম্পর্ক আছে। এশীয় উন্নয়ন ব্যাংকের ২০১২ সালের প্রতিবেদন বলছে, এশিয়ার অনেক নগর এবং কয়েকটি মেগাসিটি প্রধান প্রধান নদীর বদ্বীপে গড়ে উঠেছে। সেখানকার বন্দরগুলো বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। ভারী বর্ষণ হলেই পানি আকস্মিক বেড়ে নদী উপচে শহর ও আশপাশের এলাকা প্লাবিত করে।