বন্যায় মালয়েশিয়া ও থাইল্যান্ডে ১৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া ও এর প্রতিবেশী থাইল্যান্ডের বিস্তৃত এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। থাইল্যান্ডে বন্যাজনিত কারণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। দুই দেশে আশ্রয়হীন হয়ে পড়ে প্রায় দুই লাখ মানুষ। খবর আল-জাজিরার।
মালয়েশিয়ার উদ্ধারকর্মীরা গতকাল শনিবার জানিয়েছেন, তাঁরা দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বন্যাকবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছার চেষ্টা করছেন। কিন্তু বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় এবং বৃষ্টিপাত অব্যাহত থাকায় তাঁদের নানা সমস্যায় পড়তে হয়েছে।
উপপ্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ‘বন্যা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে বলেছেন, অনেক এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগও বন্ধ। এর পরও ত্রাণকর্মীরা বন্যার্তদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন।
থাইল্যান্ডের সীমান্তবর্তী কোতা বারু এলাকায় গতকাল সামরিক হেলিকপ্টার দিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গলফ খেলার কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে বন্যার্তরা প্রধানমন্ত্রীর প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
দেশে ফিরে আসা প্রধানমন্ত্রী নাজিবের গতকাল উত্তর-পূর্ব মালয়েশিয়ার কেলানতানে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের কথা ছিল।
এদিকে শুক্রবার দক্ষিণ থাইল্যান্ডে আকস্মিক বন্যায় ১৩ জনের প্রাণহানির ঘটনার পর সরকার আটটি প্রদেশকে ‘দুর্যোগকবলিত এলাকা’ ঘোষণা করে। সেখানে নতুন করে ২০ হাজারের বেশি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।