বরফ ধসে সাত শিক্ষার্থীসহ নিহত ৮
জাপানে বরফ ধসে সাতজন ছাত্র ও একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার প্রমোদভ্রমণে গিয়ে শৌখিন পর্বতারোহীরা এ দুর্ঘটনার শিকার হন। এ সময় আরও অন্তত ৪০ জন আহত হন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রাজধানী টোকিওর উত্তরে টোচিগি পাহাড়ের ঢালে ওই ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই শতাধিক সেনাসদস্য সেখানে উদ্ধার অভিযানে অংশ নেয়।
এএফপির খবরে জানা যায়, একটি বিদ্যালয়ের ৫২ জন ছাত্র ও ১১ জন শিক্ষক তিন দিনের পর্বতারোহণ অভিযানে গিয়েছিলেন। ভারী তুষারপাত এবং বরফ ধসের আশঙ্কায় রোববার থেকে সোমবার পর্যন্ত ওই এলাকায় সতর্কতা জারি করা হয়। স্থানীয় আবহাওয়া দপ্তর সেখানে ৩০ সেন্টিমিটার (প্রায় ১২ ইঞ্চি) তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল।
দুর্যোগ মোকাবিলায় গঠিত টাস্কফোর্সের এক কর্মকর্তা এএফপিকে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী নিহত সাত শিক্ষার্থী ও এক শিক্ষক সম্ভবত টোচিগির ওতাওরা হাইস্কুল থেকে এসেছিলেন।
ওই দলে থাকা জিজি নামে একজন শিক্ষক গণমাধ্যমকে জানান, এই ভ্রমণ তাঁদের বার্ষিক অনুষ্ঠানের অংশ ছিল। এর আগে কখনোই তাঁরা এমন দুর্ঘটনায় পড়েননি।