হংকংয়ের প্রধান নির্বাহী লিয়াং চুন-ইয়াং সাফ বলে দিলেন, অবাধ নির্বাচনের দাবিতে সেখানে গণতন্ত্রকামীদের যে আন্দোলন চলছে, তা অরণ্যে রোদন মাত্র। এতে চীনা কর্তৃপক্ষের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। গতকাল রোববার স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স ও বিবিসির।
টেলিভিশন চ্যানেল টিভিবিকে দেওয়া সাক্ষাৎকারে চুন-ইয়াং বলেন, গণতন্ত্রকামীদের বিক্ষোভ একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে সেই বিক্ষোভের ফলে বেইজিংয়ের মনোভাব পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
সাক্ষাৎকারে চুন বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অবাধ সুযোগ রাখতে হলে চীনের আইন পরিষদ ‘ন্যাশনাল পিপলস কংগ্রেসের’ স্থায়ী কমিটির অনুমোদন লাগবে। তিনি মনে করেন, সেই অনুমতি পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।
প্রধান নির্বাহী মন্তব্য করেন, সরকার সামান্য শক্তি প্রয়োগ করলেই বিক্ষোভস্থল একেবারে পরিষ্কার হয়ে যেত।
হংকংয়ে পূর্ণ গণতন্ত্রের দাবিতে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গণতন্ত্রকামীরা বিক্ষোভ করছেন। এতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলো স্থবির হয়ে পড়েছে।
চীন সম্প্রতি বলেছে, ২০১৭ সালে অনুষ্ঠেয় হংকংয়ের নতুন প্রধান নির্বাহী নির্বাচনে কেবল তাদের মনোনীত দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বিক্ষোভকারীরা একে ‘গণতন্ত্রের নামে ভাঁওতাবাজি’ বলে আখ্যা দিয়েছে।
দেড় শ বছরের বেশি সময়ের ব্রিটিশ নিয়ন্ত্রণের পর ১৯৯৭ সালের জুলাই মাসে হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তখন চীনের সঙ্গে যুক্তরাজ্যের এ সমঝোতা হয়েছিল যে পরবর্তী ৫০ বছর সেখানকার বিদ্যমান গণতান্ত্রিক ও অর্থনৈতিক ব্যবস্থা বহাল রাখা হবে। কিন্তু আবার চীনের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে দেশটির বিভিন্ন উদ্যোগে হংকংয়ের অধিবাসীরা তাদের রাজনৈতিক ও অন্যান্য অধিকার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে শঙ্কিত।
চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং শুক্রবার বলেন, তাঁদের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সামাজিক নিরাপত্তা বজায় রাখা সম্ভব। এ বিষয়ে তিনি নিশ্চিত। জার্মানি সফররত চীনা প্রধানমন্ত্রী ওই দিন বলেন, ‘হংকংয়ে দীর্ঘদিনের উন্নয়নের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখা শুধু চীনের স্বার্থসংশ্লিষ্ট নয়, হংকংয়ের জনগণের স্বার্থেও তা জরুরি।
হংকং সরকারের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর শুক্রবার শহরের কেন্দ্রস্থলে আবারও গণতন্ত্রপন্থী হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। শনিবার এতে আরও কয়েক হাজার বিক্ষোভকারী যোগ দেয়।