বাঁদরের বাঁদরামোতে অন্ধকারে কেনিয়া

এক বাঁদরের বাঁদরামোতে গত মঙ্গলবার সারা কেনিয়া তিন ঘণ্টা অন্ধকারে ডুবে ছিল। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কেনিয়া ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি (কেনজেন) এক বিবৃতিতে জানায়, গত মঙ্গলবার রাতে একটি বাঁদর গিতারু পাওয়ার স্টেশনের ছাদ থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটারের ওপর গিয়ে পড়লে এই বিপত্তি ঘটে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যন্ত্র বিকল হয়ে যাওয়ায় ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ-ঘাটতি দেখা দেয়। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে সারা দেশ অন্ধকারে ডুবে যায়, যা টানা তিন ঘণ্টার ব্ল্যাকআউটে পরিণত হয়। পরে যন্ত্র মেরামতের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা করা সম্ভব হয়।
এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে কেনজেন বলেছে, ওই কেন্দ্রের চারপাশে নিরাপত্তার জন্য বৈদ্যুতিক বেড়া রয়েছে। কাজেই বাঁদরের এই ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা। এমন ঘটনা যেন আর না ঘটে, এ কারণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রান্সফরমার থেকে বাঁদরটিকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। পরে কেনজেন কর্তৃপক্ষ বানরটিকে ওয়াইল্ড লাইফ সার্ভিসের কাছে হস্তান্তর করেছে।