বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি নিয়ে ধারণাপ্রসূত মন্তব্য দায়িত্বহীন : চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় চীনের হ্যাকাররা জড়িত থাকতে পারে—এ ধরনের ধারণাপ্রসূত বক্তব্যকে দায়িত্বহীনতার পরিচয় বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং। আজ বুধবার বেইজিংয়ে মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।
সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘গতকাল ফিলিপাইনে টাকা চুরির বিষয়ে শুনানিকালে একজন সিনেটর বলেছেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরির ঘটনায় চীনের হ্যাকাররা সম্ভবত জড়িত। এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কি?’
উত্তরে লু ক্যাং বলেন, ‘সম্ভবত’ ‘হতে পারে’—এ ধরনের ধারণাপ্রসূত মন্তব্য দায়িত্বহীনতার পরিচয়। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সাইবার নিয়ে সহযোগিতামূলক যে পরিবেশ রয়েছে, তার জন্য এ ধরনের মন্তব্য ফলপ্রসূ নয়।
লু ক্যাং বলেন, ‘সাইবার হামলা ও হ্যাকার নিয়ে চীনের অবস্থান সুসংহত। আমাদের অবস্থান মুক্ত, নিরাপদ, সহযোগিতামূলক ও শান্তিপূর্ণ সাইবার পরিবেশের পক্ষে। হ্যাকিং–সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করতে চীন সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। জোরালো প্রমাণ ছাড়া কোনো অভিযোগ করা উচিত নয়।’