বাংলাদেশকে সহায়তা অব্যাহত থাকবে: শিনজো আবে

ঢাকার গুলশানে জঙ্গি হামলা সত্ত্বেও বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ওই হামলায় নিহত জাপানের সাতজন নাগরিকের স্মরণানুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। গতকাল মঙ্গলবার রাজধানী টোকিওতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী শিনজো আবে সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশকে সহায়তা দিয়ে যাব।’ সন্ত্রাসবাদ ঠেকাতে কোনো ছাড় না দেওয়ার ব্যাপারে জাপানের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি। শিনজো আবে জানান, নিহত ব্যক্তিদের শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের দেখে তিনি অত্যন্ত মর্মাহত।
১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় পুলিশসহ ২৪ জন নিহত হন। তাঁদের মধ্যে ছিলেন জাপানের সাতজন নাগরিক। তাঁরা জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) হয়ে ঢাকার মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন। ওই হামলার এক মাস পূর্তিতে মঙ্গলবার টোকিওতে স্মরণানুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী আবে। সেখানে জড়ো হয়েছিলেন নিহতদের স্বজন ও বন্ধুবান্ধব এবং সরকারি কর্মকর্তারা।
জাইকা জানায়, এই স্মরণানুষ্ঠানে প্রায় নয় শ মানুষ যোগ দেয়। এ সময় জাইকার প্রেসিডেন্ট শিনিছি কিতাওকা বলেন, জাপান সরকারের সহযোগিতায় বিদেশে কর্মরত কর্মীদের নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ নেওয়া হবে।