
ট্রেনের মানচিত্র বলছিল, সেটি জার্মান সীমান্ত অতিক্রম করছে। দেখতেই আনন্দে উদ্বেল ট্রেনটির যাত্রী ইরাকি এক তরুণ দম্পতি। চার মাস বয়সী শিশুসন্তানকে নিয়ে বলকান অঞ্চল দিয়ে দীর্ঘ যাত্রা শেষে অবশেষে জার্মানিতে পৌঁছালেন তাঁরা।
তুরস্ক থেকে গ্রিস, এরপর মেসিডোনিয়া, সার্বিয়া, হাঙ্গেরি এবং অস্ট্রিয়া হয়ে জার্মানিতে পৌঁছান বাগদাদের এই দম্পতি। আড়াই হাজার কিলোমিটারের এই যাত্রায় নিরন্তর দুঃস্বপ্ন আর আশার দোলাচলে দুলেছেন।
বাগদাদের ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে আহমদ তাঁর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করে দিয়ে স্ত্রী আলিয়া ও শিশুসন্তান আদমকে নিয়ে ইউরোপের উদ্দেশে পথে নামেন। গত সপ্তাহে তাঁরা সীমান্ত কর্তৃপক্ষের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে যান। রাত কাটাতে বাধ্য হন খোলা আকাশের নিচে। বলকান দেশগুলোতে নিবন্ধনের জন্য তাঁদের দিনে কাঠফাটা রোদ এবং রাতে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে অপেক্ষা করতে হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে বাগদানের মাত্র ১০ দিন পরই ইরাক থেকে পালানোর সিদ্ধান্ত নেন আহমদ দম্পতি। ওই দিন আহমদ হবু স্ত্রী আলিয়াকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যান। সেখানে হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে। তাঁদের মুখে এসে লাগে চূর্ণবিচূর্ণ কাচের টুকরা।
আলিয়া এখন সামনের দিকে এগোতে চান। তিনি বলেন, ‘আশা করি আমাদের কিছু স্বপ্ন অন্তত পূরণ হবে।’
আহমদ যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার সিদ্ধান্ত নেন। আলিয়ার বাবা-মা অবশ্য চাইতেন না তাঁর মেয়ে স্বামীর সঙ্গে ঝুঁকিপূর্ণ এই পথে পা বাড়াক। কিন্তু আলিয়ার মনে হয়েছিল যে আর কোনো পথ নেই। তুরস্কে যখন পাচারকারীরা ভাঙাচোরা একটি মাছ ধরা নৌকায় তাঁদের উঠতে বলে, তখন আহমদও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তিনি স্ত্রী-সন্তানকে রেখে আসতে চাইছিলেন। কিন্তু মন শক্ত করে আলিয়া বলেন, ‘একসঙ্গে বাঁচব, নয় মরব।’
একসময় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছালেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় হোটেলে উঠতে পারেননি আহমদ দম্পতি। একজন পাচারকারী তাঁদের যৌনপল্লিতে নেওয়ার জন্য চেষ্টা করে। সেখানেও গিজ গিজ ভিড়! পথে পথে দোকানদারেরাও নানাভাবে সুযোগ নিয়েছে। তারা বেশি দামে পানিসহ বিভিন্ন খাবার বিক্রি করেছে। সার্বিয়ার এক ক্যাম্পে স্থানীয় যৌনকর্মীরা পর্যন্ত শরণার্থীদের কাছে জাল অনুমোদনপত্র বেচে পয়সা বানিয়েছে।
হাঙ্গেরিতে পৌঁছানোর পর আহমদ দম্পতি অস্ট্রিয়ার সীমান্তে এক পাচারকারীর সহায়তা নেন। তাঁদের অভিযানের সঙ্গী ছয়জনই বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে যান। তবে আহমদ ও আলিয়া পুলিশের চোখ ফাঁকি দিতে সক্ষম হন।