বাগদাদির অডিও বার্তা প্রকাশ!
ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির বলে দাবি করা একটি অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত ১৭ মিনিটের ওই বার্তায় কথিত বাগদাদিকে বলতে শোনা যায়, আইএসের একজন যোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত এই লড়াই থামবে না। খবর বিবিসি ও এএফপির।
অডিওটি সত্যিই আল-বাগদাদির কি না, যুক্তরাষ্ট্র এখনো সে বিষয়ে নিশ্চিত নয়। তবে বিবিসির বিশ্লেষকেরা জানান, বার্তাটি শুনে আসল ও সম্প্রতি রেকর্ড করা হয়েছে বলেই মনে হয়।
ধারণা করা হচ্ছে, লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা ছাড়াও বাগদাদি যে সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় নিহত হননি, সে বিষয়টি তুলে ধরাও এ বার্তার উদ্দেশ্য। বাগদাদি এতে প্রেসিডেন্ট বারাক ওবামার ইরাকে অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েনের অনুমতির বিষয়টি উল্লেখ করেছেন। ওবামা ওই কথা বলেন আইএস নেতাদের ওপর মার্কিন হামলার পরে।
অডিওটি প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।