বাগদাদির কথিত অডিও বার্তা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে কথিত বার্তা দিয়েছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি।

আইএসের কাছ থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরাকি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম জঙ্গি সংগঠনটির প্রধান কোনো বার্তা দিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বাগদাদির অডিও বার্তাটি আজ বৃহস্পতিবার অনলাইনে প্রকাশ করা হয়। ৩১ মিনিটের রেকর্ড করা বার্তার সত্যতা যাচাই করা যায়নি।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অডিও সত্যি হলে গত এক বছরের বেশি সময়ের মধ্যে তা হবে বাগদাদির প্রথম কোনো প্রকাশ্য বার্তা। আর এমনটা হলে বাগদাদির নিহত হওয়ার তথ্যও গুজব বলে প্রমাণিত হবে।

ইরাকে আইএসের সবশেষ প্রধান শহুরে ঘাঁটি মসুল। শহরটির পুনর্দখল নেওয়ার ক্ষেত্রে আরও এগিয়েছে ইরাকি বাহিনী। এর আগে গত মঙ্গলবার তারা মসুলের পূর্ব প্রান্তে পৌঁছায়। সেখানকার প্রতিরক্ষাব্যূহ ভেঙে দেওয়ার দাবি করেছে ইরাকের এলিট বাহিনী।

বাগদাদি তাঁর বার্তায় মসুল শহরের নিয়ন্ত্রণ রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আইএস জয়ী হবে বলে তাঁর বিশ্বাস।

শত্রুদের রাতকে দিন এবং তাদের রক্তনদী বইয়ে দিতে আইএসের আত্মঘাতী যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাগদাদি।

তুরস্কে হামলা চালানোর জন্যও আইএস যোদ্ধাদের প্রতি বাগদাদি আহ্বান জানিয়েছেন।