বাগদাদির 'নতুন বার্তা' প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের নেতা আবু বকর আল-বাগদাদির দাবি করে একটি অডিওবার্তা প্রকাশ করেছে। এতে বিশ্বের মুসলমানদের ইরাক ও সিরিয়ায় আইএসের স্বঘোষিত ‘খিলাফত’ রাষ্ট্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর বিবিসির।
নিশ্চিত হওয়া গেলে কয়েক মাসের মধ্যে এটাই হবে বাগদাদির প্রথম বার্তা। মার্কিন জোটের হামলায় বাগদাদি নিহত হয়েছেন বলে সম্প্রতি খবর প্রচারিত হয়। কথিত নতুন বার্তায় ইয়েমেনে চলমান সংকটের প্রসঙ্গও আছে। এতে করে প্রমাণিত হয়, বার্তাটি সাম্প্রতিক।
আইএসবিরোধী জোটের বিমান হামলায় বাগদাদির ভাগ্যে কী ঘটেছে তা স্পষ্ট নয়। তবে সম্প্রতি খবর বের হয়, হামলায় তিনি গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন।
প্রত্নসম্পদ ঝুঁকিতে : মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সম্পদ সিরিয়ার পালমেইরার দিকে আইএস জঙ্গিদের অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে এই অডিওবার্তার খবর এল। সিরিয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পালমেইরার সবকিছু ধ্বংস করে দিতে পারে আইএস।
২০১৪ সালের জুন মাসে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিয়ে ‘খিলাফত রাষ্ট্র’ গঠনের ঘোষণা দেয় আল-কায়দা থেকে বেরিয়ে যাওয়া আইএস।