বাগদাদে আইএসের গাড়িবোমা হামলায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের বাগদাদে আই​এসের গাড়িবোমা হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি
ইরাকের বাগদাদে আই​এসের গাড়িবোমা হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি

ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালের কাছে গতকাল সোমবার রাতে গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। আজ মঙ্গলবার এএফপির খবরে এ কথা জানানো হয়।

গত জুলাই মাসে যেখানে ভয়াবহ বোমা হামলায় তিন শতাধিক লোক নিহত হয়েছিলেন, তার কাছেই এ হামলার ঘটনা ঘটল।

পুলিশ জানায়, গতকাল মধ্যরাতের আগ মুহূর্তে বাগদাদের নিকটবর্তী কারান্দায় বিস্ফোরক-ভর্তি একটি ভ্যানগাড়ির বিস্ফোরণ ঘটানো হয়। এতে পার্শ্ববর্তী কয়েকটি দোকানে আগুন ধরে যায়। পুলিশের এক সদস্য প্রাথমিকভাবে সেখানে এ হামলার ঘটনায় সাতজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হওয়ার কথা জানান।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।

এদিকে জঙ্গিদের অনলাইন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা যুক্তরাষ্ট্র-ভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আইএস হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে আইএস হামলা চালানোর দাবি করে বলেছে, শিয়াদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আরও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।