বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদের দুই স্থানে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার উত্তর বাগদাদের শাহাব এলাকায় একজন নারী আত্মঘাতী বোমা হামলা চালান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছেন।
সম্প্রতি বাগদাদ ও এর আশপাশে বেশ কয়েক দফা বোমা হামলায় বহু লোক হতাহত হয়েছেন।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান বলেন, উত্তর বাগদাদের শাহাব এলাকায় একজন নারী নিজ শরীরে বিস্ফোরক বহন করে হামলা চালান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হন। অপর ঘটনায় দক্ষিণ বাগদাদের রশিদ এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এতে নিহত হয়েছেন কমপক্ষে তিনজন।
তাৎক্ষণিকভাবে কেউ এসব হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি ঘটে যাওয়া ধারাবাহিক বোমা হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ধারণা করা হচ্ছে, এই ঘটনায়ও আইএস জড়িত।
গত এক সপ্তাহে বাগদাদ ও এর আশপাশে বোমা হামলায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।