বাগদাদে গাড়িবোমায় নিহত ৯৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে গতকাল বুধবার তিনটি বোমা হামলায় অন্তত ৯৪ জন নিহত হয়েছে। এর মধ্যে জনসমাগমপূর্ণ একটি বিপণিবিতানে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৬৪ জন নিহত হয়। সেখানে আহত হয়েছে কমপক্ষে ৮৭ জন। বাগদাদে চলতি বছরে এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন। জঙ্গি সংগঠন আইএস এসব হামলার দায় স্বীকার করে অনলাইনে বিবৃতি দিয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শিয়া-অধ্যুষিত উত্তর বাগদাদের সদর সিটি এলাকায় স্থানীয় সময় সকাল ১০টায় সবচেয়ে বড় হামলাটির ঘটে। বিস্ফোরণের পর আশপাশের দোকানপাটে আগুন ধরে যায়। গাড়ির দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
বিস্ফোরণের পর ক্ষুব্ধ লোকজন ঘটনাস্থলে জড়ো হন। আবু মুন্তাধার নামের এক ব্যক্তি বলেন, ‘বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করে চালানো এ বোমা হামলার জন্য সরকারই দায়ী। রাজনীতিবিদদের সবাইকে দেশ থেকে বের করে দেওয়া উচিত।’
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ইরাকের উত্তর-পশ্চিম উপত্যকাগুলো রয়েছে সুন্নি মুসলিমদের নিয়ন্ত্রণে। তাদের মধ্যে উগ্রপন্থীরা প্রায়ই শিয়াদের লক্ষ্যবস্তু করে থাকে।
অন্য হামলাদুটি ঘটে বাগদাদের কাদিমিয়া ও জামিয়া এলাকায়। সেখানে যথাক্রমে অন্তত ১৭ ও ১৩ জন নিহত হয়। কাদিমিয়াতে একজন শিয়া ধর্মীয় ব্যক্তিত্বের মাজার রয়েছে।
অনলাইনে দেওয়া এক বিবৃতিতে আইএস সদর সিটি এলাকার হামলা প্রসঙ্গে বলেছে, তারা শিয়া মিলিশিয়াদের লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। হামলাকারীর নাম আবু সুলায়মান আল-আনসারি।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে বলেন, গাড়িবোমাটি ছিল মূলত একটি পিকআপ ট্রাক এবং সেটিতে ফল ও শাকসবজি ভর্তি ছিল। চালক গাড়িটি রেখে দ্রুত ভিড়ের মধ্যে হারিয়ে যান। করিম সালিহ নামের ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘বিস্ফোরণের মাত্রা এতটা তীব্র ছিল যে মাটি কেঁপে ওঠে। আমি কয়েক মিটার দূরে ছিটকে পড়ি এবং কয়েক মিনিটের জন্য জ্ঞান হারিয়ে ফেলি।’
আইএস প্রায়ই বাণিজ্যিক এলাকা এবং সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। মার্কিন নেতৃত্বাধীন জোট ও শিয়াশাসিত আধা সামরিক বাহিনীর সহায়তায় ইরাকি বাহিনী ২০১৪ সালে আইএসের কাছ থেকে কিছু এলাকা পুনর্দখল করে। তবে তারা রাজধানীতে বোমা হামলা প্রতিরোধ করতে পারছে না।