বাগদাদে বোমা হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক

আইএসের বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ সোমবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ইরাক। গতকাল রোববার সকালে ইরাকের রাজধানী বাগদাদে ব্যস্ততম বিপণিবিতান এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১১৯ জন নিহত হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। খবর এএফপির।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ঘটনাস্থল পরিদর্শন শেষে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। বোমা হামলার ঘটনায় তিনি বাগদাদে নিরাপত্তাব্যবস্থা পরিবর্তন করারও নির্দেশ দিয়েছেন।
দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলায় কমপক্ষে ১১৯ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৮০ জনেরও বেশি।
ইরাকের সরকারি বাহিনী আইএসের কাছ থেকে ফালুজা শহরটি পুনর্দখলের এক সপ্তাহ পর এ হামলার ঘটনা ঘটল। বাগদাদের কারাদার বিপণিবিতান এলাকার এক রেস্তোরাঁর কাছে এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। পবিত্র রমজান মাসের শেষের দিক হওয়ায় কেনাকাটার জন্য লোকজনের ভিড় ছিল জায়গাটিতে।
এদিকে হামলার দায় স্বীকার করে আইএস এক বিবৃতিতে এ হামলাকে ‘চলমান নিরাপত্তা অভিযান’-এর অংশ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, শিয়া মুসলিম সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন:
বাগদাদে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২৫ জন নিহত