বাগদাদের জীবন্ত দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেয়ালচিত্রে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের বাণী তুলে ধরা হয়েছে। ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে
দেয়ালচিত্রে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের বাণী তুলে ধরা হয়েছে। ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে

যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাক। চারদিকে কেবল ধ্বংসের চিহ্ন। রাজধানী বাগদাদও ক্ষতবিক্ষত। কিন্তু চোখের সামনে প্রাণবন্ত শহরকে নিষ্প্রাণ দেখতে কারও ভালো লাগে? লাগে না। যেমন ভালো লাগেনি আলী আবদুল রহমানের। তাই আরও অনেককে নিয়ে তিনি বাগদাদের নিষ্প্রাণ দেয়ালগুলোকে বর্ণিল রঙে সাজিয়েছেন। ধ্বংসের মধ্যেও তিনি খুঁজে নিয়েছেন জীবনের ঘ্রাণ।

প্রেমের কথাও বাদ যায়নি দেয়ালচিত্রে।
প্রেমের কথাও বাদ যায়নি দেয়ালচিত্রে।

বাগদাদের দেয়ালগুলোর জীবন্ত হয়ে ওঠার গল্প তুলে ধরেছে বিবিসি অনলাইন। প্রতিবেদনে জানানো হয়, এই গল্পের মূল নায়ক আলী আবদুল রহমান। ২০১৫ সালে তিনি যখন বিশ্ববিদ্যালয়জীবনের শেষের দিকে, রাজধানী বাগদাদকে উজ্জ্বল করে তোলার একটা তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। মনের কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের ডিনকে। তিনি সায় দিলেন। এরপর আলী সহপাঠী, বন্ধুবান্ধব ও অন্য শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করেন। এভাবে গঠিত হয় ১০০ জনের একটি দল। দলটি প্রথমে বাগদাদে তাদের বিশ্ববিদ্যালয়ের দেয়ালে নানা রঙের দেয়ালচিত্র আঁকে। ধূসর দেয়াল রং-তুলির স্পর্শে রঙিন হয়ে ওঠায় এই দলকে স্বাগত জানায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লোকজন।

২০১৭ সালকে স্বাগত জানিয়ে দেয়ালচিত্র।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে
২০১৭ সালকে স্বাগত জানিয়ে দেয়ালচিত্র।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে

এরপর আরেকটু বড় পরিসরে কাজ করার কথা ভাবতে থাকে দলটি। বাগদাদের প্রধান প্রধান সড়কের পাশের বিভিন্ন দেয়াল রাঙিয়ে তোলার সিদ্ধান্ত নেয় তারা। পুরো কাজটিকে এক ছাতার নিচে আনতে গঠন করে ‘ইমপ্রিন্ট অব হোপ’ নামের একটি সংগঠন।

ইমপ্রিন্ট অব হোপের সদস্যরা, যাদের হাত দিয়ে বর্ণিল হয় বাগদাদের দেয়াল।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে
ইমপ্রিন্ট অব হোপের সদস্যরা, যাদের হাত দিয়ে বর্ণিল হয় বাগদাদের দেয়াল।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে

ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ব্যাপক বিধ্বংসী পারমাণবিক অস্ত্র মজুত রেখেছেন—এমন অভিযোগে ২০০৩ সালে আন্তর্জাতিক জোট দেশটিতে সামরিক অভিযান চালায়। ২০০৬ সালে তাঁর ফাঁসি কার্যকর করা হয়। আন্তর্জাতিক গোষ্ঠী-সমর্থিত ব্যক্তিরা দেশটির শাসনক্ষমতায় অধিষ্ঠিত হয়। সে সময় নতুন উপদ্রব দেখা দেয়। ঘন ঘন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতে তাকে। সরকার বেসামরিক লোকজনের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেয়। শহরে তৈরি হতে থাকে বড় বড় দেয়াল।

দেয়ালচিত্রে আছে পানি-বিদ্যুতের অপচয় বন্ধ করার আহ্বান।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে
দেয়ালচিত্রে আছে পানি-বিদ্যুতের অপচয় বন্ধ করার আহ্বান।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে

এই দেয়ালগুলোকে লাল, নীল, হলুদ, সবুজসহ নানা রঙে সাজাতে থাকে ‘ইমপ্রিন্ট অব হোপ’। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা সাড়ে তিন শর বেশি। এখানে আছে ছাত্র, কারিগর, শিল্পী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার লোকজন। তারা শখের বসে আঁকে। শহরের দেয়ালের পাশাপাশি তারা এতিমখানা, শিশুদের বিদ্যালয়, সরকারি ভবন ও শিশুদের হাসপাতালের দেয়ালও রাঙিয়ে তুলে।

কী থাকে এসব দেয়ালচিত্রে? বিবিসি অনলাইন জানাচ্ছে, এসব দেয়ালচিত্রে শান্তি, বিভিন্ন গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান, পানি-বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার মতো সচেতনতামূলক বিভিন্ন বিষয় থাকে।

প্রকৃতির সৌন্দর্য ধরা দিয়েছে দেয়ালে।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে
প্রকৃতির সৌন্দর্য ধরা দিয়েছে দেয়ালে।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে

এই প্রকল্পটি চালিয়ে নেওয়ার জন্য সংগঠনের সদস্যরা নিজেরাই চাঁদা দিয়ে মাসে ১০ হাজার ইরাকি দিনার সংগ্রহ করেন। রং-ব্রাশ কেনার জন্য এই অর্থ ব্যয় করা হয়। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন বাড়িতে শিল্পকর্ম এঁকেও তাঁরা অর্থ জোগাড় করে থাকেন। তবে আজকে তাঁদের যে অবস্থান, সেখানে আসতে বেশ বাধা-বিপত্তি পার করতে হয়েছে। প্রথম দিকে সরকারের লোকজন মনে করত, এই সংগঠনের হয়তো কোনো নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে। তাই বারবার সরকারের কাছে আবেদন জানানোর পরও কোনো ধরনের অর্থ সহায়তা পেত না তারা। তবে ধীরে ধীরে সেই ভুল ভেঙেছে। সরকার এখন তাদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। আর ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের কাজের সহায়ক পণ্য অনুদান হিসেবে দিচ্ছে।

শিশু হাসপাতালের দেয়াল রাঙানো হয়েছে ডলফিনের ছবিতে।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে
শিশু হাসপাতালের দেয়াল রাঙানো হয়েছে ডলফিনের ছবিতে।ছবিটি ইমপ্রিন্ট অব হোপের সৌজন্যে

সবকিছু মিলিয়ে আলী এখন খুশি। তিনি মনে করেন, তাঁদের সংগঠনের সদস্যরা বাগদাদকে আরও সুন্দর করে তুলতে ভূমিকা রাখছে। এই কাজের মাধ্যমে তারা ইতিবাচক ও সুন্দর সমাজ গড়ে তোলার বার্তা পৌঁছে দিচ্ছে।