বাগদাদের দ্বারপ্রান্তে আইএস!
যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরাকে ইসলামিক স্টেট যোদ্ধাদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এই গোষ্ঠীর সদস্যরা রাজধানী বাগদাদ থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থান করছেন। তবে আরেক খবরে দুই কিলোমিটারের কম দূরত্বের কথা বলা হয়। খবর বিবিসি, দ্য ইনডিপেনডেন্ট ও নিউইয়র্ক ডেইলি নিউজের।
ব্রিটেনের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট গতকাল মঙ্গলবার বলেছে, উত্তর ইরাক থেকে আইএস যোদ্ধাদের কাছে ইরাকি সেনারা উৎখাত হওয়ার পর সাড়ে তিন মাস পেরিয়ে গেছে। কিন্তু জঙ্গিগোষ্ঠীটি এখনো দাপট সমানভাবে চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীর সদস্যদের গোলাবারুদ, খাবার ও পানির সরবরাহ বন্ধে ইরাকি বাহিনী সফল না হওয়াতেই তাদের অগ্রযাত্রা রয়েছে অব্যাহত। আইএসের সদস্যরা এখন মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থান করছেন। কিন্তু এখনো পর্যন্ত তাঁদের সফলভাবে মোকাবিলার কোনো লক্ষণ ইরাকি সেনাসদস্যদের মধ্যে দেখা যাচ্ছে না।
নিউইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়, গত সোমবার আইএস বাগদাদের দুই কিলোমিটারের কম দূরত্বের মধ্যে চলে এসেছে। ভয়াবহ সংকটের আশঙ্কার কথা জানিয়ে অবরুদ্ধ এ নগরের গির্জা থেকে পাঠানো ‘এসওএস’ বার্তায় বলা হয়, আইএসের যোদ্ধারা তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন।
গির্জার যাজক ক্যানন অ্যান্ড্রু হোয়াইটের পাঠানো ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, নগরের পতনের আশঙ্কায় এখানকার বাসিন্দারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন।
তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ইরাকি বাহিনী ও আইএস কয়েক সপ্তাহ ধরেই বাগদাদের উপকণ্ঠে লড়াই চালাচ্ছে। নগরের নিয়ন্ত্রণ সরকারি কর্তৃপক্ষের হাতেই রয়েছে। গির্জা ও মার্কিন কর্মকর্তাদের এমন বক্তব্যে সঠিক পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে অস্পষ্টতা।
এদিকে ইরাক-সিরিয়া সীমান্তে আইএস ও কুর্দি যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে বলে গতকাল জানিয়েছে বিবিসি।