বাগদান অনুষ্ঠানের নৌকা ডুবে নিহত ২১

মিসরের নীল নদে বাগদান অনুষ্ঠানের একটি নৌকা ডুবে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার মালবাহী একটি জাহাজ একটি নৌকাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে আজ বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
বাগদানের আনন্দ উদ্যাপন করতে এক তরুণ জুটির পরিবারের সদস্য ও বন্ধুরা মিলে একটি নৌকা ভাড়া করে অনুষ্ঠানের আয়োজন করে। মালবাহী একটি জাহাজ ওই নৌকাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আনন্দ অনুষ্ঠান মুহূর্তেই বিষাদে পরিণত হয়। নৌকাটি ডুবে যাওয়ার পর অন্তত পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত ছয়জন নিখোঁজ আছে। নিহতদের মধ্যে দুটি শিশু আছে। তবে যে জুটির বাগদানের আয়োজন করা হয়েছিল, তারা নিহতদের মধ্যে আছে কি না, তা নিশ্চিত নয়।
নিরাপত্তাকর্মীরা জানিয়েছে, অন্ধকারের জন্য উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মালবাহী জাহাজের ক্যাপ্টেন ও তার সহকারীকে দুর্ঘটনার পরপরই আটক করা হয়েছে।
এর আগে ২০০৬ সালে লোহিত সাগরে মিসরের ফেরি ডুবে এক হাজারেরও বেশি যাত্রী মারা যায়।