আগামী জুলাইয়ে বাজেট ঘোষণার আগে নেপালের বর্তমান ক্ষমতাসীন সরকার পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী তোপ বাহাদুর রায়মাজি। নেপালের জোট সরকারের ক্ষমতায় থাকা না-থাকা এবং এ ঘটনায় ভারতের সঙ্গে হিমালয়ের দেশটির সম্পর্কে নতুন করে অবনতির ঘটনার মধ্যে এ মন্তব্য করলেন রায়মাজি।
গত শনিবার নেপাল ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দীপ কুমার উপাধ্যায়কে প্রত্যাহারের ঘোষণা দেয়। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির ভারত সফরও বাতিল করা হয়। নেপালের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিরোধী দল কংগ্রেসের পক্ষে সরকার পতনের চেষ্টায় জড়িত থাকার অভিযোগেই উপাধ্যায়কে ভারত থেকে প্রত্যাহার করা হয় বলে জানা যায়।
নেপালের মাওবাদীরা গত সপ্তাহে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল। পরে মাওবাদীরা তাদের অবস্থান থেকে সরে আসে। কিন্তু সরকার পতনের সেই তৎপরতায় কংগ্রেসের হয়ে রাষ্ট্রদূত উপাধ্যায় তৎপরতা চালান বলে নেপাল সরকারের একাধিক সূত্র নাম না প্রকাশ করার শর্তে জানায়।
কিন্তু গতকাল রোববার নেপালের ভক্তপুরে এক অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী রায়মাজি বলেন, এই সরকারকে ফেলে দেওয়া বা নতুন সরকার গঠনের খেলা চলছে। তবে বাজেটের আগে এই পরিবর্তন আসছে না। রাষ্ট্রদূত প্রত্যাহার ও প্রেসিডেন্টের ভারত সফর বাতিলের বিষয়ে তাৎক্ষণিক কোনো কারণ না দেখালেও গতকাল নেপালের আরেক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কমল থাপা এ বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘প্রয়োজনীয় প্রস্তুতির অভাবেই’ প্রেসিডেন্টের ভারত সফর স্থগিত করা হয়েছে। তিনি গতকাল নেপালের পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘আমরা প্রেসিডেন্টের ভারত সফর বাতিলের কারণ কূটনৈতিক মাধ্যমে ভারতকে জানিয়ে দিয়েছি। আমরা জানিয়েছি, প্রেসিডেন্ট ভান্ডারি ভবিষ্যতে ভারত সফরে যাবেন।’ তিনি বলেন, এই সফর বাতিল দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।
তবে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ভান্ডারির বাতিল হয়ে যাওয়া সফরকে ‘রাষ্ট্রীয় সফর’ হিসেবে গণ্য করতে রাজি হয়নি ভারত।