বাতাসে শূন্যে উড়ল রাইড, পড়ে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত ব্যক্তিদের হাসপাতালে নিতে আনা হয়েছে অ্যাম্বুলেন্স। তানমানিয়া, অস্ট্রেলিয়া, ১৬ ডিসেম্বর
ছবি: রয়টার্স

শিশুদের জন্য তৈরি একটি রাইড থেকে পড়ে অস্ট্রেলিয়ায় চার শিশু মারা গেছে। অস্ট্রেলিয়ার পুলিশ বলেছে, কয়েক শিশু আহত হয়েছে। ওই শিশুরা প্রায় ৩২ ফুট ওপর থেকে পড়েছিল। আজ বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়াদের মধ্যে দুটি মেয়ে ও দুটি ছেলে শিশু। হতাহত শিশুদের বয়স কত, তা জানানো হয়নি। তবে সাধারণত যেসব শিশু সেখানে ছিল, তাদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে।

তাসমানিয়ার হিলক্রেস্ট প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। যে রাইডটি থেকে শিশুরা পড়েছে, সেটির নাম বাউন্সি ক্যাসেল। মূলত প্লাস্টিক দিয়ে দুর্গের আদলে এই রাইড তৈরি করা হয়। এর প্লাস্টিকের দেয়ালগুলো বায়ুভর্তি থাকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের পুলিশ বলেছে, একটি প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ আয়োজন উপলক্ষ বাউন্সি ক্যাসেল রাইডের ব্যবস্থা করা হয়েছিল। দমকা বাতাসে এটি উড়ে গিয়েছিল। এরপর সেটি ৩২ ফুট ওপর থেকে পড়ে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন একে ‘অভাবনীয় হৃদয়বিদারক’ দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, শিশুরা আনন্দ করছিল। কিন্তু তা ভয়ংকর বেদনাদায়ক ঘটনায় রূপ নিল।

তাসমানিয়া পুলিশের কমিশনার ড্যারেন হিন বলেন, তাঁরা একটি হৃদয়বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনার পরপরই সেখানে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত হয়েছেন। ঘটনাস্থলেই আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারযোগে হাসপাতালে নেওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষাবর্ষের শেষ দিন ছিল আজ। এই উপলক্ষে এমন আনন্দ আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পরপরই শিশুদের মা-বাবাকে বিষয়টি জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসির সাংবাদিক মন্টে বোভিল এক টুইট বার্তায় লিখেছেন, শিশুদের আনতে স্কুলের দিকে যাচ্ছেন বাবা–মায়েরা। এক অভিভাবক বলেছেন, এর আগেও বিদ্যালয়টিতে এমন বাউন্সি ক্যাসেল স্থাপন করা হয়েছে। তখন কোনো সমস্যা হয়নি।