বাদশাহ আবদুল্লাহকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন গাদ্দাফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিপেন্ডেন্ট –এর শেষ ছাপা সংখ্যা, পাশে অনলাইন সংস্করণ l এএফপি
ইন্ডিপেন্ডেন্ট –এর শেষ ছাপা সংখ্যা, পাশে অনলাইন সংস্করণ l এএফপি

যুক্তরাজ্যে অবস্থানরত এক সৌদি ভিন্নমতাবলম্বীর বিরুদ্ধে সাবেক সৌদি বাদশাহ আবদুল্লাহকে হত্যার অভিযোগ তদন্ত করে দেখছেন ব্রিটিশ গোয়েন্দারা। তাঁদের কাছে থাকা নথিপত্র অনুযায়ী অভিযোগ, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ওই হত্যার পরিকল্পনা করেছিলেন। দ্য ইন্ডিপেনডেন্ট গতকাল শনিবার তার শেষ মুদ্রিত সংখ্যায় প্রথম পাতার এক বিশেষ প্রতিবেদনে এ কথা বলেছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) অধ্যাপক মোহাম্মদ আল-মাসারি নামে ওই সৌদি ভিন্নমতাবলম্বীর বিরুদ্ধে এক করসংক্রান্ত তদন্তের জেরে এ ঘটনার হদিস পায়। অভিযোগ রয়েছে, মাসারি লিবীয় কর্তৃপক্ষের কাছ থেকে ষড়যন্ত্রে সহায়তার জন্য ছয় লাখ পাউন্ড পেয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, আবদুল্লাহর গাড়িবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আবদুল্লাহ তখন যুবরাজ ছিলেন। আবদুল্লাহ ২০০৫ সালে সিংহাসনে বসেন এবং গত বছর মৃত্যুর আগে পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
সূত্র বলেছে, এক শীর্ষ সম্মেলনে গাদ্দাফি ও আবদুল্লাহর মধ্যে বিতণ্ডার পর ওই হত্যা পরিকল্পনার সূত্রপাত। এরপরই লিবীয় নেতা তখনকার সৌদি যুবরাজকে হত্যার পরিকল্পনা করতে তাঁর গোয়েন্দা প্রধানদের নির্দেশ দেন।
২০০৩ সালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আবদুর রহমান আলামুদি নামে এক মার্কিন মধ্যস্থতাকারী ধরা পড়ার পরই কেবল এ ঘটনা প্রকাশ পায়। তাঁর লাগেজে ৩ লাখ ৩৬ হাজার ডলার পাওয়া গিয়েছিল। আলামুদি আদালতে এক সমঝোতার অংশ হিসেবে পরে কথিত ষড়যন্ত্রে তাঁর নিজের ভূমিকা স্বীকার করেন। লিবিয়ার সঙ্গে অবৈধ অর্থ লেনদেনের দায়ে তিনি এখন যুক্তরাষ্ট্রে ২৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আলামুদি ব্রিটিশ গোয়েন্দাদের বলেন, অধ্যাপক আল-মাসারি এবং সাদ আল-ফকিহ নামে একজন শল্যচিকিৎসক ওই হত্যা ষড়যন্ত্রের হোতা। দুজনেই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আলামুদি নিজের সাজা কমানোর উদ্দেশ্যেই বানোয়াট দাবি করছেন।
শেষ ছাপা সংখ্যা: দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ছাপা সংস্করণের শেষ সংখ্যাটি প্রকাশিত হলো গতকাল শনিবার। এর মধ্য দিয়ে এর প্রায় ৩০ বছরের মুদ্রিত সংস্করণের অবসান ঘটলো। শেষ সংখ্যার একটি মলাট করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট, যাতে সাদা জমিনের ওপর লাল অক্ষরে লেখা: স্টপ প্রেস। ‘ইন্ডি’ নামে লোকমুখে বহুল পরিচিত দ্য ইন্ডিপেন্ডেন্ট এখন থেকে শুধু অনলাইনে পাওয়া যাবে।