মেয়ের হয়ে ক্ষমা চাইলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চো হাইয়ান আহ। ছবি: রয়টার্স
চো হাইয়ান আহ। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার বিমান সংস্থা কোরিয়ান এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চো ইয়াং হো তাঁর মেয়ের কৃতকর্মের জন্য জনসমক্ষে ক্ষমা চেয়েছেন। বিমানে ভ্রমণের সময় বাটির বদলে প্যাকেটে করে বাদাম দেওয়ায় রেগে যান প্রধান নির্বাহীর মেয়ে চো হাইয়ান আহ। এ জন্য হাইয়ান বিমানটিকে বিমানবন্দরে ফেরত এনে প্রধান কেবিন ক্রুকে নামিয়ে দেন। খবর এএফপির।
এ ঘটনায় দক্ষিণ কোরিয়ায় সমালোচনার ঝড় ওঠে। মেয়ের এই ‘বোকামি’র জন্য গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে দুঃপ্রকাশ করে ক্ষমা চান বাবা চো ইয়াং হো। এই সংবাদ সম্মেলন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ওই সংবাদ সম্মেলনে চো বলেন, একজন বাবা ও কোরিয়ান এয়ারের প্রধান হিসেবে এ ঘটনার জন্য তিনি ক্ষমা চাচ্ছেন। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে চো ইয়াং হো জানিয়েছেন, পারিবারিকভাবে পরিচালিত ওই বিমানসংস্থার সব পদ থেকে তাঁর মেয়ে সরে দাঁড়াবেন। পাশাপাশি ওই কেবিন ক্রুর কাছে তাঁর মেয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। চো-কন্যা চো হাইয়ান আহ ওই বিমান সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রধান কেবিন ক্রুকে বিমান থেকে না​িময়ে দিতে হাইয়ান সিউল থেকে নিউইয়র্কগামী বিমানটিকে বিমানবন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এতে করে বিমানটি ১১ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায়।
(সংশোধনী: পূর্বে প্রকাশিত এই খবরে কিছু তথ্যগত ভুল ছিল। পাঠকেরা আমাদের এই ভুল ধরিয়ে দিয়েছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ। এই ভু​লের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। —বার্তা সম্পাদক)