বালি ও জাভায় অক্সিজেন–স্বল্পতা, সংক্রমণ লাগামছাড়া
এশিয়ায় করোনা মহামারির নতুন কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। মহামারিতে বিপর্যস্ত দেশটির পর্যটন দ্বীপ বালি ও জাভাতে দেখা দিয়েছে অক্সিজেন–সংকট। এরই মধ্যে এই দুই দ্বীপসহ ১৫টি অঞ্চলে জারি করা লকডাউনের সময়সীমা কাল রোববার শেষ হতে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ আরও বাড়াবে কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সরকার। খবর রয়টার্স ও সিএনএন।
বালির স্বাস্থ্য সংস্থার প্রধান কেতুত সুয়ারজায়া স্থানীয় সরকারি সংবাদমাধ্যম অন্তরাকে বলেন, ‘প্রতিদিন নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। ১৪ জুলাই থেকেই আমরা অক্সিজেন–স্বল্পতায় ভুগছি।’ তিনি আরও বলেন, বালির রোগীদের জন্য গত বৃহস্পতিবার দরকার ছিল ১১৩ দশমিক ৩ টন অক্সিজেন। সেখানে সরবরাহ ছিল মাত্র ৪০ দশমিক ৫ টন।
জাভায় এ মাসের শুরুর দিকে অক্সিজেন–স্বল্পতায় এক দিনে একটি হাসপাতালে ৬০ জনের মৃত্যু হয়েছে। তবে এরই মধ্যে দেশটির সরকার যুক্তরাষ্ট্র ও চীন থেকে অক্সিজেন আমদানি শুরু করেছে বলে রয়টার্সের খবরে বলা হয়।
জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়া। দেশটির সরকারি হিসাবে এখন পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮০ হাজার ৫৯৮ জনের। মূলত ডেলটা ধরনের কারণে দেশটিতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। খুব শিগগির করোনা সংক্রমণের হার কমার কোনো সম্ভাবনাও দেখছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, বৈশ্বিক গড়ের তুলনায় ইন্দোনেশিয়ায় মৃত্যুর হার তিন গুণ বেশি।
এদিকে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পরপরই সরকার কঠোর বিধিনিষেধ আরোপ না করাকে অপরিপক্ব সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা। আর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তারা অনেকটা হুমকি দিয়েই বলেছেন, বিধিনিষেধ না তুলে নিলে ব্যাপক হারে ছাঁটাই করা ছাড়া তাদের আর উপায় থাকবে না।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন বলছে, দেশটিতে প্রতিদিন হাজার হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে একটা সময় দেশটির স্বাস্থ্যব্যবস্থা ভেঙে চরম বিপর্যয়ের মুখে পড়বে।
ইন্দোনেশিয়ায় গত মে মাসের শেষ দিকে করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে দেরি করে ইন্দোনেশিয়ার সরকার। বিশেষজ্ঞদের মতে, ডেলটা ভেরিয়েন্ট ধরা পড়ার পর সেখানে এটি দ্রুতই ছড়িয়ে পড়তে থাকে। শুরুতেই কার্যকর পদক্ষেপ নিলে এই পরিস্থিতি কিছুটা ঠেকানো যেত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, যথেষ্ট নমুনা পরীক্ষার অভাবে সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এর ফলে ঠিক সময় করোনায় আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা যাচ্ছে না।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন এই মাসের শুরুর দিকে সিএনএনকে বলেন, করোনার এবারের ঢেউয়ে সংক্রমণ কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে, এ বিষয়ে শুরুতে কর্তৃপক্ষের কোনো ধারণা ছিল না।
১০ জুলাই প্রকাশিত স্বাস্থ্যবিষয়ক এক জরিপে দেখে গেছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রায় অর্ধেক মানুষ (১ কোটি ৬ লাখ) ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন।
মার্চের ১৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত ৫ হাজার মানুষের শরীরে নমুনা পরীক্ষা করে দেখা যায়, তাঁদের মধ্যে ৪৪ দশমিক ৫ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তার মানে এর মধ্যেই তাঁরা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।