বাশার থাকলে সিরিয়া সংকটের সমাধান নেই

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকাকালে দেশটির চলমান সংকট বা উগ্রপন্থীদের হুমকির কোনো সুরাহা হবে না বলে মন্তব্য করেছেন প্রতিবেশী তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এর এক দিন পর প্রচারিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার বলেন, তিনি পদত্যাগের জন্য কখনো মিত্র দেশ রাশিয়ার তরফে চাপের সম্মুখীন হননি।

সাম্প্রতিক দিনগুলোতে তুরস্কের প্রধানমন্ত্রী ইলদিরিম বারবার বলেছেন, রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সাফল্যের পর তাঁর দেশ সিরিয়ার সঙ্গে সুসম্পর্কের দিকে এগোবে। তাঁর এমন বক্তব্যে তুরস্কের নীতিতে পরিবর্তন ঘটতে যাচ্ছে বলে ধারণা সৃষ্টি হচ্ছিল।

গত বুধবার রাতে বিবিসির সম্প্রচার করা এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, বাশার আল-আসাদকে সরে যেতে হবে, কেননা তাঁর ক্ষমতায় থাকাকালে সিরীয় সংকট মিটবে না। তিনি বলেন, ‘একদিকে আসাদ, অন্যদিকে আইএস। আপনি যদি বলেন, একজনকে বেছে নিতে, তবে আমরা এদের একজনকে বাদ দিয়ে অন্যজনকে বেছে নিতে পারি না। উভয়কেই চলে যেতে হবে। সিরীয়দের জন্য তারা উভয়েই সমস্যা।’

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইলদিরিম আরও বলেন, ‘কল্পনা করুন, আমরা আইএস থেকে নিষ্কৃতি পেয়েছি। তাতেও সমস্যার সমাধান হবে না। যতক্ষণ পর্যন্ত আসাদ থাকবেন, ততক্ষণ সমস্যার সমাধান হবে না। আরেক সন্ত্রাসী সংগঠন গজিয়ে উঠবে।’ বাশার সরকারের নিজ দেশের জনগণকে পরিকল্পিতভাবে হত্যার নীতির ফলেই আইএসের সৃষ্টি বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে গতকাল বৃহস্পতিবার এনবিসি নিউজকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেন, পদত্যাগের জন্য তিনি কখনো রাশিয়ার কাছ থেকে চাপে পড়েননি। শান্তি  প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার চেষ্টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মস্কো সফরের প্রাক্কালে বাশার এ কথা বললেন।