বাশার প্রসঙ্গে হিটলারের নাম, তোপে স্পাইসার

সিরিয়ায় সাধারণ মানুষের ওপর চালানো সাম্প্রতিক রাসায়নিক হামলা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার জেরে ক্ষমা চাইতে হলো হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসারকে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমালোচনা করতে গিয়ে জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিন্দিত একনায়ক অ্যাডলফ হিটলারের প্রসঙ্গ তুলেছিলেন শন স্পাইসার।
ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব স্পাইসার বলেন, তিনি স্পর্শকাতর একটি বিষয়ে সঠিক উদাহরণ দিতে পারেননি। এটি তাঁর ভুল ছিল।
সিরিয়ায় সাধারণ মানুষের ওপর রাসায়নিক হামলা চালিয়ে ৮৯ জনকে হত্যার ঘটনায় বাশার আল-আসাদের সরকারকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। তবে আসাদের সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।
সিরিয়ার রাসায়নিক হামলা প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব শন স্পাইসার বলেছিলেন, বাশার আল-আসাদ যা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারও তা করেননি। এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সবাই তাঁকে মনে করিয়ে দেন, হিটলার ইহুদিসহ নিজ দেশের নাগরিক ও দেশে তাঁর বিরোধীদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস প্রয়োগ করেছিলেন।
গতকাল নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে শন স্পাইসার বলেন, বাশার যেভাবে নিজের দেশের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছেন, অ্যাডলফ হিটলার তেমনটা করেননি। তিনি বলেন, ‘আমি বলতে চেয়েছি, বাশার এটি যেভাবে ব্যবহার করেছেন, হিটলার সেভাবে করেননি।’