বাশার বাহিনীর সাফল্য

বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ার সেনাবাহিনী গত মঙ্গলবার দেশটির কৌশলগত লাতাকিয়া প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সালমা শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
একই দিন সিরিয়ার সরকারি বাহিনীর ঘিরে রাখা বিদ্রোহী-নিয়ন্ত্রিত মাদায়া শহরে যে বাসিন্দারা আটকা পড়েছে, তাদের মধ্য থেকে না খেয়ে মরণাপন্ন ৪০০ জনকে বের করে আনতে মঙ্গলবার জাতিসংঘ, রেডক্রসের আন্তর্জাতিক কমিটি ও সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট মঙ্গলবার আলোচনা করেছে।
এ ছাড়া ইদলিব ও আলেপ্পোতে বিমান হামলায় শিশুসহ ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রাশিয়া ওই হামলাটি চালায় বলে সন্দেহ করা হচ্ছে। খবর এএফপির।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সরকারপন্থী বাহিনী সালমা শহরের চারপাশের পাহাড় চূড়াগুলোকে ঘিরে রেখেছে। তারা সেখানে মাটিতে পুঁতে রাখা বিস্ফোরক তন্ন তন্ন করে খুঁজে তা সরিয়ে ফেলার জন্য কাজ করছে।
সালমা শহরটিকে ‘সন্ত্রাসী সংগঠনগুলোর অভিযানের প্রধান কেন্দ্র’ হিসেবে বর্ণনা করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এটি পুনর্দখল করার মাধ্যমে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ অর্জিত হয়েছে।
২০১২ সাল থেকেই সালমা শহরটি বিদ্রোহী বাহিনীর প্রধান দুর্গ ছিল। লাতাকিয়া প্রদেশে বিদ্রোহীদের মধ্যে কোন্দলের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়। এ পরিপ্রেক্ষিতে ওই শহরটি মূলত অবরুদ্ধ হয়ে ছিল। শহরটি পুনর্দখল করতে পারাটা সিরিয়ার সেনাবাহিনীর জন্য বড় অর্জন।
ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধা ও রাশিয়ার বিমান হামলার সহায়তায় সাম্প্রতিক মাসগুলোতে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র লড়াই চালিয়ে আসছে সিরিয়ার সরকারি বাহিনী।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় গত ৪৮ ঘণ্টায় রাশিয়া ১২০টির বেশি বিমান হামলা চালিয়েছে। লাতাকিয়া প্রদেশ-সংলগ্ন ইদলিব প্রদেশে এবং আলেপ্পোতে মঙ্গলবার সন্দেহভাজন রুশ বিমান হামলায় শিশুসহ ৫৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
এদিকে মাদায়া শহরের মরণাপন্ন ৪০০ জনকে বের করে আনতে মঙ্গলবার জাতিসংঘ, রেডক্রসের আন্তর্জাতিক কমিটি ও সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট আলোচনা করেছে। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, অবরোধ যদি উঠিয়ে নেওয়া না হয় তবে আরও অনেকের মৃত্যু হবে। মাদায়া শহরে এ পর্যন্ত খেতে না পেয়ে ২৪ জনের বেশির লোকের মৃত্যু হয়েছে। ছয় মাস ধরে সরকারি বাহিনী শহরটি ঘিরে রেখেছে। ফলে খাবারের চরম সংকট দেখা দিয়েছে।
সিরিয়ায় জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইয়াকুব এল হিল্লো সতর্ক করে দিয়ে বলেছেন, সরকারি বাহিনী ও বিদ্রোহীরা অবরোধ তুলে না নিলে ‘আরও অনেকের মৃত্যু হবে’। এল হিল্লো মাদায়া শহরটিতে গিয়েছেন। তিনি বলেন, তিনি সেখানে ‘তীব্র পুষ্টিহীনতায় ভোগা’ লোকজনকে দেখেছেন। অবরুদ্ধ করাকে তিনি ‘যুদ্ধের কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন। এই কৌশল দেশটির পাঁচ বছরের সংঘাতে সব পক্ষই ব্যবহার করছে।
এল হিল্লো বলেন, ‘এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার। এ ব্যাপারে বিশ্ব যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তবে আরও অনেকে মারা যাবে।’
তীব্র প্রয়োজনীয় খাবার এবং ওষুধ নিয়ে গত সোমবার চার মাসের মধ্যে প্রথম ত্রাণের বহরটি মাদায়ায় প্রবেশ করে। জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন দিনগুলোতে কমপক্ষে আরও একটি ত্রাণের চালান সেখানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।