বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে চলে যেতেই হবে, তা সে জীবিত বা মৃত যে অবস্থায়ই হোক—এটাই এখন সিরিয়ার প্রেসিডেন্টের বিরোধীদের কথা। আর বাশার সরকারের সাফ কথা, এমন শর্ত জুড়ে দিলে আলোচনারই দরকার নেই।
দুই পক্ষের এমন পরস্পরবিরোধী, অনড় অবস্থানের মধ্যেই আজ সোমবার থেকে সিরিয়া নিয়ে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা জেনেভায়। শুরুতেই যুযুধান দুপক্ষের এই অনমনীয় অবস্থানে পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসানে সংলাপ কতটুকু এগোবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
আজ সোমবার সিরিয়ার গৃহযুদ্ধ পঞ্চম বছরে পড়ল। আর এদিন থেকেই শুরু হচ্ছে শান্তির সন্ধানে আরেক দফা আলোচনা। আলোচনার আয়োজক জাতিসংঘ সিরিয়ায় আগামী ছয় মাসের মধ্যে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং একটি নতুন সংবিধান তৈরির জন্য চেষ্টা করছে। এ ছাড়া, তাদের উদ্দেশ্য আগামী বছরে দেশটিতে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করা।
শান্তি আলোচনায় যোগ দিতে আসাদবিরোধীদের জোট হাই নেগোশিয়েশনস কমিটির নেতারা (এইচএনসি) জেনেভায় উপস্থিত হয়েছেন। কমিটির প্রধান মোহাম্মদ আলাউশ গতকাল রোববার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘বাশার আল-আসাদকে বাদ দিয়েই অন্তর্বর্তী সরকার গঠন হতে হবে। আসাদকে যেতেই হবে, তা সে জীবিত হোক বা মৃত।’
আলাউশ বলেন, বাশারকে ক্ষমতায় রেখে অন্তর্বর্তী সরকার গঠিত হতে পারে না।
বাশারবিরোধীরা চাইছেন, অন্তর্বর্তী সরকারের হাতে পূর্ণ নির্বাহী ক্ষমতা থাকুক। তবে আলোচনার আগে এসব শর্ত জুড়ে দেওয়ায় নাখোশ বাশার সরকার। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম সিরিয়ার রাজধানী দামেস্কে বলেন, ‘যারা সিরিয়ার প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা করতে চায় তাদের সঙ্গে আমরা কথা বলতে আগ্রহী নই। বাশার আল-আসাদকে নিয়ে এ ধরনের কঠোর শর্ত জুড়ে দিলে আলোচনা হবে না।’
মুয়াল্লেম সাফ জানিয়ে দেন, বিরোধীরা যদি এমন আচরণ করতেই থাকে তবে তাদের জেনেভায় আসার দরকার নেই।
সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলার কোনো এখতিয়ার জাতিসংঘের নেই বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম।
এর আগে যতবার আলোচনা হয়েছে, বাশারের প্রেসিডেন্ট পদে থাকা না থাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শেষ পর্যন্ত তা ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা বাশারবিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে দাবি করে আসছে, তাঁকে ক্ষমতা থেকে যেতে হবে। সিরিয়া সরকারের মিত্র নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে।
এখন বিশ্লেষকেরা শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য গবেষণা কেন্দ্রের পরিচালক জোশুয়া লেন্ডিস বলেন, ‘বাশার এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিনি ক্ষমতা ছাড়ছেন না। তাই আলোচনার আগে তাঁর পদত্যাগের দাবি বাস্তবসম্মত নয়।’
গত মাসে শান্তি আলোচনার একপর্যায়ে রুশ বাহিনী বাশার সরকারের সমর্থনে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বিদ্রোহীদের ওপর বিমান হামলা জোরদার করলে আলোচনা ভেঙে যায়। তবে গত ২৭ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের তত্ত্বাবধানে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। বাশারবিরোধীরা অবশ্য শুরু থেকেই অভিযোগ করে আসছে, সরকারি বাহিনী যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে হামলা অব্যাহত রেখেছে। তবে আন্তর্জাতিক নানা পর্যবেক্ষক সংগঠন যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে। গত শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, যুদ্ধবিরতি কার্যকরের পর সিরিয়ায় সংঘাত ৮০ থেকে ৯০ শতাংশ কমে এসেছে।