বাহরাইনে করোনাভাইরাসে ৪৯ জন আক্রান্ত, গণজমায়েত নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইন শ্রম মন্ত্রণালয় দেশটিতে থাকা বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার কৌশল নিয়ে বৈঠক করে। ছবি: প্রথম আলো
বাহরাইন শ্রম মন্ত্রণালয় দেশটিতে থাকা বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলার কৌশল নিয়ে বৈঠক করে। ছবি: প্রথম আলো

বাহরাইনে এখন পর্যন্ত ৪৯ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ছয় দিনে করোনাভাইরাসে আক্রান্ত ৪৯ জন রোগী শনাক্ত হয়েছেন। নতুন করে শনাক্ত হওয়া আটজনের মধ্যে সাতজন বাহরাইনের ও একজন সৌদি আরবের নাগরিক। তাঁদের সবাই ইরান সফর শেষে শারজা ও দুবাই হয়ে বাহরাইনে আসেন। তাঁদের সবাইকে বর্তমানে সালমানিয়ার ইব্রাহিম খলিল কানু কমিউনিটি মেডিকেল সেন্টারের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত মাসে ইরান থেকে ফিরে আসা ১ হাজার ৯৭৯ জনকে পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৯৩০ জনকে করোনাভাইরাসমুক্ত বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাকি ৪৯ জনের মধ্যে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় এবং তাঁদের সবাই চিকিৎসাধীন। চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাহরাইন সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বাহরাইনে থাকা বিভিন্ন দেশের সব দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এক জরুরি বৈঠক করেন দেশটির শ্রম মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ জাফর আল-হাইকি। এতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ ছিলেন শ্রম কাউন্সেলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ‘সভা থেকে বাহরাইনে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোনো ধরনের সমাবেশ কিংবা গণজমায়েত করার চেষ্টা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি বাহরাইনে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ছাড়া বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফ্লাইট সংখ্যা সীমিত করার পাশাপাশি সব স্কুল-মাদ্রাসা সাময়িক বন্ধ ঘোষণা এবং করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার। পাশাপাশি চালু করা হয়েছে একটি জরুরি নম্বর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যেসব দেশে এই ভাইরাসের উপস্থিতি আছে, সেসব দেশ থেকে কেউ এলে কিংবা এই ভাইরাসের কোনো লক্ষণ কারও মধ্যে দেখা দিলে সঙ্গে সঙ্গে যেন তাঁরা ৪৪৪ নম্বরে যোগাযোগ করেন।

এদিকে করোনাভাইরাসের আশঙ্কায় আবুধাবিতে সাময়িকভাবে হোটেল বন্ধ রাখা হয়েছে। ক্রাউন প্লাজা আবুধাবি হোটেলের মুখপাত্র বলেন, ‘আমাদের অতিথি ও সহযোগীদের সুরক্ষা ও সুস্বাস্থ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনেই আপাতত হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমরা স্বাভাবিক কার্যক্রম শুরু করব।’

এর আগে ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব সরকার। তারপরও করোনাভাইরাস ঠেকানো যায়নি। ইরান থেকে বাহরাইন হয়ে সৌদিতে ফেরা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ওমানে ছয়জন, সংযুক্ত আরব আমিরাতে ২১ জন, কুয়েতে ৪৬ জন, কাতারে ৪ জন, বাহরাইনে ৪৯ জন ও লেবাননে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।