বাহরাইনে সামরিক ঘাঁটি বসাবে যুক্তরাজ্য
নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বাড়াতে বাহরাইনে নতুন সামরিক ঘাঁটি বসাবে যুক্তরাজ্য। উপসাগরীয় দেশ বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আজ শনিবার এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তির মতো বাহরাইনও জঙ্গি সংগঠন আইএসআইএসের কর্মকাণ্ডের বিরুদ্ধে। ধর্মের নামে কপটতার বিরুদ্ধে যুদ্ধে শামিল হওয়ার কথা গত শুক্রবার দেশটির যুবরাজও জানিয়ে দিয়েছেন। সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ দখলে নেওয়া আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন চলমান বিমান হামলায় অংশ নিচ্ছে বাহরাইনও।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ জানান, পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের যৌথ অঙ্গীকার বজায় থাকবে। আঞ্চলিক নিরাপত্তার হুমকি মোকাবিলায় যুক্তরাজ্য ও অন্যান্য অংশীদারদের সঙ্গে বাহরাইন কাজ করে যাবে।
বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক মানামা বৈঠকের অঙ্গীকার অনুযায়ী, মিনা সালমান বন্দরে যুক্তরাজ্য একটি স্থান পাবে এবং সেখানে চারটি যুদ্ধজাহাজ স্থাপনের সুযোগ পাবে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেন, এই নতুন ঘাঁটির মাধ্যমে ব্রিটিশ রয়্যাল নেভির পদচিহ্ন স্থায়ী হবে। এর মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাজ্য আরও বেশি করে বড় জাহাজ পাঠাতে পারবে।