বাড়ছে ডেলটার সংক্রমণ, সিডনিতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দুই সপ্তাহ
অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনি ও এর আশপাশের এলাকায় দুই সপ্তাহের কঠোর লকডাউন জারি করা হয়েছে। ভারতে শনাক্ত ডেলটা ভেরিয়েন্টের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় শনিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। খবর রয়টার্সের।
সিডনিতে সম্প্রতি এই ডেলটা ভেরিয়েন্টের শনাক্ত হয়েছে ৮০ জনের শরীরে। এরপর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। বিবিসির খবরে বলা হয়েছে, সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ এক সপ্তাহ থেকে বাড়িয়ে দুই সপ্তাহ করা হয়েছে। সিডনি শহর কর্তৃপক্ষ বলেছে, সংক্রমণের সঙ্গে সঙ্গে এই ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তির সংখ্যা বাড়ছে দ্রুত।
এ প্রসঙ্গে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য সরকারের প্রধান গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেন, সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘আমরা এই বোঝা চাপিয়ে দিতে চাইনি যতক্ষণ পর্যন্ত না আমাদের বাধ্য হতে হয়েছে।’
বিমানবন্দর থেকে হোটেলে কোয়ারেন্টিনে রাখার পর ৮০ জনের বেশি আন্তর্জাতিক ফ্লাইটের ক্রুর করোনা শনাক্ত হয়। সিডনিতে স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ খুবই কম ছিল। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসছিল, তখন হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্রাড হ্যাজার্ড বলেন, সিডনির আশপাশের চারটি প্রতিবেশী অঙ্গরাজ্যে লকডাউন চলছে। তিনি সাংবাদিকদের বলেন, ডেলটা ধরন খুব ভয়ংকর শত্রু। বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হলেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে।
ভারতে প্রথম করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ শনাক্ত হয়। নিউ সাউথ ওয়েলসের প্রধান গ্ল্যাডিস বেরেজিকলিয়ান স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সিডনির আশপাশের এলাকায় লকডাউন বাড়ানো হবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে।
সিডনির বাসিন্দাদের কমপক্ষে এক সপ্তাহ ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, শরীরচর্চা ও স্কুলের জন্য তারা ঘর থেকে বাইরে যেতে পারবেন। সিডনি থেকে অন্য অঙ্গরাজ্যে কেউ যেতে পারবেন না।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অন্যতম সফল দেশগুলোর একটি হলো অস্ট্রেলিয়া। সেখানকার আড়াই কোটি মানুষের মধ্যে ৩০ হাজার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৯১০ জনের।