বাড়তি ক্ষতিপূরণের জন্য গণবিবাহবিচ্ছেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পূর্বাঞ্চলীয় একটি গ্রামের অন্তত ১৬০ জোড়া দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিনিময়ে তাঁরা ঘরবাড়ি উচ্ছেদের জন্য বেশি পরিমাণে ক্ষতিপূরণ পাবেন।
জিয়াংসু প্রদেশের ওই গ্রামের নাম জিয়াংবেই। উচ্চপ্রযুক্তির উন্নয়ন এলাকা নির্মাণের লক্ষ্যে সরকার সেখানকার বেশ কিছু জায়গা অধিগ্রহণ করেছে। ওই দম্পতিরা যদি পরস্পর বিচ্ছেদ ঘটিয়ে পৃথকভাবে ক্ষতিপূরণ দাবি করেন, প্রত্যেকে আলাদা বাড়ি ও ১৯ হাজার মার্কিন ডলার করে অর্থপ্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন।
কয়েকজনের বয়স ৮০ বছর ছাড়িয়ে গেছে। তাঁরা আর বিচ্ছেদের ঝামেলায় না গিয়ে একসঙ্গেই বাকি জীবন পার করে দিতে চান। যেসব পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই গ্রামের বাসিন্দা, জায়গাটা ছেড়ে যেতে তাঁদের সংগত কারণেই অনিচ্ছা প্রবল। কিন্তু সরকারি সিদ্ধান্ত তো মানতেই হবে। তাই স্থানীয় সরকারের আয়োজনে আবাসনই তাঁদের ভরসা। সেখানে প্রত্যেক দম্পতি ২২০ বর্গমিটারের বাড়ি পাবেন। সরকারি নির্দেশাবলি পড়ে অনেকে বুঝতে পারলেন, আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ করে নিতে পারলে স্বামী-স্ত্রীর প্রত্যেকে বাড়তি ৭০ বর্গমিটার করে জায়গা এবং কিছু অর্থ ক্ষতিপূরণ চাইতে পারবেন। পরে আবার নিজেদের মধ্যে বিয়ে করে নিলেই তো একসঙ্গে থাকা যাবে।
চায়না ডেইলি জানায়, এ বিষয়ে আইনি পরামর্শ দিতে একটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। তারা একেকটি বিবাহবিচ্ছেদের জন্য দুই হাজার ডলার করে নিচ্ছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, তাঁরা নিয়মের ফাঁকফোকরের বিষয়টি জানেন। এ রকম দম্পতিদের ক্ষতিপূরণ দেওয়ার শর্তটি অপরিবর্তিত থাকবে কি না—নিশ্চিত নয়। জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয় এলাকায় আগেও এ রকম ঘটেছে।