বাড়ি ফিরতে এক মাসে ৫০০ কিমি. যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

বাড়ি ফিরবেন বলে যাত্রা শুরু করলেন। কিন্তু ৩০ দিন ধরে ৫০০ কিলোমিটার যাওয়ার পর বুঝতে পারলেন ভুল পথে এসেছেন তিনি। চীনে এমন ঘটনা ঘটেছে। তবে অভিবাসী ওই ব্যক্তির নাম জানা যায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, ঘটনাটি গত ডিসেম্বরের। ওই ব্যক্তি চাকরি করেন চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিজহাও শহরে। সেখান থেকে তাঁর বাড়ি ১ হাজার ৭০০ কিলোমিটার দূরে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায়। পকেটে টাকা না থাকায় বাড়ি যেতে পরছিলেন না। বাড়ি যেতে দৃঢ়প্রতিজ্ঞ ওই ব্যক্তি সাইকেল নিয়েই রওনা হলেন। একনাগাড়ে চলতে চলতে গেলেন ৫০০ কিলোমিটার। কিন্তু বাড়ি আর খুঁজে পান না। এলাকার নাম শুনে আনহু প্রদেশের পুলিশ তাঁকে বলল, আপনি ভুল পথে এসেছেন। এই পথ বাড়ির নয়।

চীনের অনলাইন দৈনিক দ্য পিপলস জানায়, ওই ব্যক্তি একটি ইন্টারনেট ক্যাফেতে চাকরি করতেন। খুব কম বেতনের চাকরি হওয়ায় অর্থসংকট লেগেই থাকত। তাই তিনি সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন।

গত ডিসেম্বরে ওই ব্যক্তি সাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়েন। কিন্তু তিনি ম্যাপে তাঁর এলাকা কোনটি, সেটি পড়তে পারেন না। তাই অন্যের কাছে জিজ্ঞেস করে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। একসময়ে তিনি মহাসড়কে উঠে পড়েন। কিন্তু ওই মহাসড়কে সাইকেল চালানো নিষিদ্ধ ছিল। তাই পুলিশ তাঁকে থামায়। গন্তব্যের কথা শুনে পুলিশের তো মাথায় হাত। পুলিশ জানায়, তিনি ভুল পথে এসেছেন। পরে অবশ্য পুলিশ সাধারণ জনগণের সহায়তায় কিছু চাঁদা তুলে তাঁকে বাড়ি যাওয়ার টিকিটের ব্যবস্থা করে দেয়।